…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
বিনোদন

‘তার মৃদু স্বভাবই আমাকে সবচেয়ে মুগ্ধ করেছিল’: রাজীব গান্ধীর সঙ্গে প্রেমের স্মৃতি শোনালেন সোনিয়া গান্ধী, আসছে স্মৃতিকথা ‘বিলংগিং’

নিজস্ব প্রতিবেদক

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে নিজের প্রেম ও দাম্পত্য সম্পর্ক নিয়ে স্মৃতিচারণ করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ক্যামব্রিজের একটি ছোট গ্রিক রেস্তোরাঁয় প্রথম পরিচয়ের গল্প থেকে শুরু করে দীর্ঘ জীবনের যাত্রা—সবই উঠে এসেছে তার কথায়।

শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা একটি ভিডিওতে নিজের আসন্ন বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে কথা বলতে গিয়ে এসব স্মৃতিচারণ করেন সোনিয়া।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ অ্যাকাউন্ট খোলেন সোনিয়া। এরপর শনিবার নিজের প্রথম ভিডিও পোস্টে বইটি নিয়ে কথা বলেন তিনি।

বইটি আগামী ১০ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে তার স্মৃতি এবং তরুণ বয়স থেকে বর্তমান সময় পর্যন্ত জীবনের যাত্রা তুলে ধরা হয়েছে।

প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে সোনিয়া জানান, যুক্তরাজ্যের ক্যামব্রিজের একটি গ্রিক রেস্তোরাঁয় রাজীবের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। সেখান থেকেই তাদের ভালোবাসার গল্পের শুরু।

এক্স-এ প্রকাশিত ভিডিওতে সোনিয়া বলেন, “ক্যামব্রিজের একটি ছোট গ্রিক রেস্তোরাঁয় আমার ভালোবাসার যাত্রা শুরু হয়েছিল। রাজীব ও আমি ভালোবাসা, হাসি আর স্মৃতিতে ভরা একটি জগৎ তৈরি করেছিলাম। আগামী ১০ নভেম্বর সেই জগৎ আপনাদের সঙ্গে ভাগ করে নেব।”

সেই দিনগুলোতে ইংল্যান্ডে ভালো খাবার খোঁজার সমস্যার কথাও সোনিয়া স্মরণ করেন। তিনি জানান, তখন রেস্তোরাঁ বেশ কম ছিল এবং শেষ পর্যন্ত তিনি এমন একটি গ্রিক রেস্তোরাঁ খুঁজে পান, যেখানে ভারতীয় ও ইতালীয় শিক্ষার্থীরা নিয়মিত যেতেন। আর সেখানেই এক কমন বন্ধুর মাধ্যমে রাজীব গান্ধীর সঙ্গে তার প্রথম পরিচয় হয়।

রাজীব গান্ধীকে প্রথম দেখার অনুভূতির কথা স্মরণ করে সোনিয়া বলেন, “অবশ্যই তিনি দেখতে খুবই সুদর্শন ছিলেন। তবে তার যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ ও স্পর্শ করেছিল, তা হলো তার মৃদু ও ভদ্র স্বভাব। প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল, তিনি এমন একজন মানুষ—যার সঙ্গে আমি থাকতে চাই।”

সোনিয়া আরও জানান, পরে তিনি জানতে পারেন রাজীবও একই অনুভব করেছিলেন। তার ভাষায়, রাজীবের সঙ্গে প্রথম সেই সাক্ষাতের কথা তিনি কখনো ভুলবেন না।

বৃহস্পতিবার এক্স-এর পাশাপাশি ইনস্টাগ্রামেও আত্মপ্রকাশ করেছেন সোনিয়া গান্ধী। ইনস্টাগ্রামের প্রথম পোস্টে বইটির প্রচ্ছদ ও প্রথম ঝলক শেয়ার করে তিনি লেখেন, “এটি ভালোবাসা, কর্তব্য, ক্ষতি এবং নিজের একটি স্থায়ী ঠিকানা খুঁজে পাওয়ার গল্প।”

৫৪৪ পৃষ্ঠার এই স্মৃতিকথাটি বিশ্বব্যাপী প্রকাশ করছে প্রকাশনা সংস্থা ‘আলফ্রেড এ. কনফ’ এবং ভারতে এর প্রকাশের দায়িত্বে রয়েছে ‘হার্পারকলিন্স ইন্ডিয়া’।

বইটিতে যুদ্ধোত্তর ইতালিতে সোনিয়া গান্ধীর শৈশব, রাজীব গান্ধীর সঙ্গে তার পরিচয়, পরবর্তীতে ভারতের রাজনৈতিক অঙ্গনে তার প্রবেশ এবং ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মর্মান্তিক হত্যাকাণ্ডের মতো ব্যক্তিগত ট্র্যাজেডির অধ্যায়গুলো তুলে ধরা হয়েছে।

রাজনীতির কঠিন জীবনের বাইরে সোনিয়া গান্ধীর ব্যক্তিগত জীবনের এই গল্প প্রকাশের আগেই পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ১০ নভেম্বর বইটি প্রকাশের পর তার জীবনের আরও অনেক অজানা অধ্যায় সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

পঞ্চাশ বছরে ফিডব্যাক: নতুন অ্যালবাম, কনসার্ট আর তথ্যচিত্রে বছরব্যাপী সুবর্ণজয়ন্তী

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক পা দিয়েছে ৫০ বছরে। ১৯৭৭ সালের অক্টোবরে যাত্রা শুরু করেছিল ব্যান্ডটি, সে সময় নাম ছিল ফিডব্যাক টোয়েন্টিয়েথ সে…

বিনোদন

মাত্র ৩ কোটির সিনেমার আয় ছাড়াল ১১৩ কোটি: ‘প্রেমাদা উরালি’র অবিশ্বাস্য জয়যাত্রা

স্বল্প বাজেটের সিনেমার জন্য ২০২৬ সালটি হয়ে উঠেছে অভাবনীয় সাফল্যের বছর। আর সেই সাফল্যের সবচেয়ে বড় প্রতিশব্দ এখন কন্নড় সিনেমা ‘প্রেমাদা উরালি’ — মা…

বিনোদন

‘আলি জি’ই শেষ: ঝুঁকিপূর্ণ চরিত্র-কমেডি আর করবেন না সাচা ব্যারন কোহেন

ব্রিটিশ কৌতুক অভিনেতা সাচা ব্যারন কোহেন জানিয়ে দিলেন, তাঁর নতুন ছবি ‘আলি জি: হু ইজ আই?’-ই হতে যাচ্ছে তাঁর ঝুঁকিপূর্ণ, চরিত্রনির্ভর অতিমাত্রার কমেডি ধ…

বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে খোলামেলা মাইকেল ডগলাস: ‘আসল কথা হলো আস্থা’

হলিউডের বর্ষীয়ান অভিনেতা মাইকেল ডগলাস খোলামেলা কথা বলেছেন ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য ধারণের অভিজ্ঞতা নিয়ে। তাঁর ভাষায়, এসব দৃশ্যের পেছনে থাকে ব্যাপক আলোচনা…