…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
ইউরোপ

ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে বাংলাদেশ, আগস্টে ফিরল প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে শীর্ষ সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম আট মাসে ইইউ বাংলাদেশ থেকে ৮৬ কোটি ৯১ লাখ ৩০ হাজার ইউরো মূল্যের ডেনিম আমদানি করেছে, যা বাজারটির মোট আমদানির ২৯ দশমিক ৪০ শতাংশ।

তবে শীর্ষস্থান ধরে রাখলেও চিত্রটি পুরোপুরি ইতিবাচক নয়। গত বছরের একই সময়ের তুলনায় ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানির মূল্য কমেছে ৫ দশমিক ৮৫ শতাংশ, যা ইউরোপের সামগ্রিক ডেনিম আমদানি হ্রাসের হার ৪ দশমিক ৪০ শতাংশের চেয়েও বেশি। বাজারে বাংলাদেশের অংশও গত বছরের ২৯ দশমিক ৮৫ শতাংশ থেকে কমে ২৯ দশমিক ৪০ শতাংশে নেমেছে।

পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইইউভুক্ত দেশগুলো মোট ২৯৫ কোটি ৬২ লাখ ১০ হাজার ইউরো মূল্যের ডেনিম আমদানি করেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৩০৯ কোটি ২২ লাখ ৭০ হাজার ইউরো।

স্বস্তির খবর এসেছে আগস্টে। ওই মাসে বাংলাদেশ থেকে ইইউর ডেনিম আমদানি ১২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৩ কোটি ৪০ লাখ ৮০ হাজার ইউরোতে পৌঁছেছে। একই সময়ে ইইউর সামগ্রিক ডেনিম আমদানি বেড়েছে ১১ দশমিক ২৩ শতাংশ, ফলে আগস্টে বাজারটিতে বাংলাদেশের অংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৭ শতাংশে, যা গত বছরের আগস্টে ছিল ৩০ দশমিক ৭৬ শতাংশ।

হিসাব বলছে, আগস্টে ইইউর ডেনিম আমদানিতে মোট যে অতিরিক্ত প্রবৃদ্ধি হয়েছে, তার প্রায় ৩৫ শতাংশই এসেছে বাংলাদেশ থেকে আমদানি বৃদ্ধির কারণে। এই এক মাসের প্রবৃদ্ধিতে বাংলাদেশের সামগ্রিক পতনের হারও কমেছে—জুলাই শেষে যেখানে পতন ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ, আগস্ট শেষে তা নেমে এসেছে ৫ দশমিক ৮৫ শতাংশে।

সরবরাহকারী দেশগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তান থেকে ইইউ আমদানি করেছে ৫২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ইউরো এবং তৃতীয় অবস্থানে থাকা তুরস্ক থেকে ৪৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার ইউরো মূল্যের ডেনিম।

তুরস্কের অবস্থান দুর্বল হওয়ার প্রভাব পড়েছে সামগ্রিক আমদানিতেও। গত বছরের একই সময়ের তুলনায় তুরস্ক থেকে আমদানি কমেছে ২১ দশমিক ০৮ শতাংশ, যার পরিমাণ প্রায় ১১ কোটি ৭০ লাখ ইউরো। এ ছাড়া মরক্কো থেকে আমদানি কমেছে ১৪ দশমিক ৪৮ শতাংশ, পাকিস্তান থেকে ৭ দশমিক ৮৮ শতাংশ, কম্বোডিয়া থেকে ৬ দশমিক ৪৭ শতাংশ ও তিউনিসিয়া থেকে ৬ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে কয়েকটি দেশ ইউরোপের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। মিসর থেকে আমদানি বেড়েছে ৩১ দশমিক ৪৬ শতাংশ বা প্রায় ৪ কোটি ৫০ লাখ ইউরো, চীন থেকে বেড়েছে ১৭ দশমিক ৭০ শতাংশ বা প্রায় ৩ কোটি ইউরো এবং ভিয়েতনাম থেকে বেড়েছে ৪৫ দশমিক ৩৮ শতাংশ, যার মূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ ইউরো।

বিশ্লেষণে বলা হচ্ছে, তুরস্কের সরবরাহ কমে যাওয়ার পরও বাংলাদেশ সেই সুযোগের পুরোটা কাজে লাগাতে পারেনি। বরং মিসর, চীন ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো ইউরোপের বাজারে নিজেদের সরবরাহ বাড়িয়েছে।

দীর্ঘমেয়াদে শীর্ষ অবস্থান ধরে রাখতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে মত উঠে এসেছে। শুধু উৎপাদন সক্ষমতা ও তুলনামূলক কম দামের ওপর নির্ভর না করে দ্রুত পণ্য সরবরাহ, ক্রেতার চাহিদা অনুযায়ী নকশা ও উৎপাদনে নমনীয়তা এবং নির্ধারিত সময়ে অর্ডার সরবরাহের সক্ষমতা বাড়াতে হবে।

ভৌগোলিকভাবে কাছাকাছি দেশগুলো দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার সুবিধা পেতে পারে। তাই ইউরোপীয় ক্রেতাদের পরিবর্তিত চাহিদার সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারলে নতুন অর্ডার পাওয়ার সুযোগ বাড়বে বাংলাদেশের।

সব মিলিয়ে আগস্টের প্রবৃদ্ধি ইউরোপের বাজারে ডেনিমের চাহিদা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তুলে ধরেছে। এখন দেখার বিষয়, এই গতি সামনের মাসগুলোতেও থাকে কি না এবং বাংলাদেশ শীর্ষস্থানের পাশাপাশি বাজারে নিজের অংশও বাড়াতে পারে কি না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

ইউরোপ বিভাগের আরও খবর

ইউরোপ

আগুনে পুড়ে ছারখার হিটলারের ‘ঈগলস নেস্ট’: জার্মান আল্পসে রাতভর অভিযান, আটক ১

জার্মানির বাভারিয়ায় নাৎসি আমলের কুখ্যাত পাহাড়ি অবকাশকেন্দ্র ‘ঈগলস নেস্ট’ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাতে লাগা এই আগুন নেভাতে প্রায় ২…

ইউরোপ

ফ্রান্সে বর্ণবাদী সন্ত্রাসী হামলায় নিহত ১, বিক্ষোভের মধ্যে মোতায়েন ৭০ হাজার পুলিশ

উত্তর ফ্রান্সে এক বন্দুকধারীর হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন; আহতদের মধ্যে গুরুতর আহত ১২ বছর বয়সী এক মেয়েও রয়েছে। কর্তৃপক্ষ ঘটনাটিকে বর্ণবা…

ইউরোপ

ফ্রান্সে আবার গণবিক্ষোভের দিন, ৭০ হাজারের বেশি পুলিশ মোতায়েনে কঠোর নিরাপত্তা

ফ্রান্সে আবার এক দিনের গণবিক্ষোভের জন্য প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। সারা দেশে ৭০ হাজারের বেশি পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন করা হচ্ছে, যাতে গত সপ্তাহান্…

ইউরোপ

ইউক্রেনে পুরো গতিতে ফিরল স্টারলিংক, ড্রোন চালনায় স্বস্তি কিয়েভের

ইউক্রেনে আবার পুরো গতিতে ফিরে এসেছে স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ও এর সামরিক সংস্করণ স্টারশিল্ড। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি…