পশ্চিম তীরে জলপাই কুড়াতে গিয়ে ইসরায়েলি সেনাদের হাতে আটক মার্কিন কংগ্রেস প্রার্থী ব্র্যাড ল্যান্ডার
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের একটি কংগ্রেস আসনের ডেমোক্র্যাটিক প্রার্থী ব্র্যাড ল্যান্ডার পশ্চিম তীরে জলপাই কুড়ানোর সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হাতে আটক হয়েছিলেন। বুধবার তিনি নিজেই এ তথ্য জানান। পরে তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
নিউইয়র্ক সিটির সাবেক কম্পট্রোলার ও কাউন্সিল সদস্য ল্যান্ডার রাব্বি ও অন্যান্য স্বেচ্ছাসেবীদের সঙ্গে 'প্রোটেক্ট দ্য হারভেস্ট' নামের একটি অলাভজনক সংস্থার কর্মসূচিতে অংশ নেন, যারা পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের জলপাই কুড়াতে সহায়তা করে—জানিয়েছে তাঁর প্রচারণা শিবির।
ইহুদি ধর্মাবলম্বী ল্যান্ডার ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের কথা প্রকাশ্যে বলে আসছেন। ঘটনার আগের রাতে প্রচারণা শিবিরের প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, 'ইসরায়েলি, আমেরিকান ইহুদি এবং বিশ্বের নানা প্রান্তের মানুষ এই বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে সুরক্ষামূলক উপস্থিতি দেওয়ার চেষ্টা করছে।'
ল্যান্ডার সাংবাদিকদের জানান, সোমবার ও মঙ্গলবার কোনো ঘটনা ছাড়াই দলটি জলপাই কুড়িয়েছে। কিন্তু বুধবার কুড়ানোর সময় সশস্ত্র সেনা ও পোশাকধারী পুলিশ দলটিকে থামিয়ে বাসে তুলে নিয়ে যায় বলে ল্যান্ডার ও ঘটনা ভিডিও করা অন্য স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন।
'রাব্বি ও স্বেচ্ছাসেবীদের একটি দলসহ আমাকে আইডিএফ আটক করেছে। আমরা শুধু পশ্চিম তীরের নেহালিমের কাছে একটি বাগানে জলপাই কুড়াচ্ছিলাম,' সামাজিক মাধ্যমে বাসের ভেতর থেকে তোলা একটি ছবিসহ লিখেছেন ল্যান্ডার। তিনি আরও লিখেছেন, 'দখলদারি আন্তর্জাতিক আইনে অপরাধ। জলপাই কুড়ানো আমার জানা কোনো আইনেই অপরাধ নয়।'
পরে বুধবারই ল্যান্ডার জানান, আইডিএফ তাঁকে 'সতর্কবার্তা' দিয়ে ছেড়ে দিয়েছে—তাঁর ভাষায়, আপাতদৃষ্টিতে তাঁর জনপরিচিতির কারণেই। 'আমি তাদের বলেছি, আমি এখনো কংগ্রেস সদস্য হইনি, শুধু মনোনীত প্রার্থী,' বাসের ভেতরের ভিডিওসহ পোস্টে লিখেছেন তিনি। তাঁর ছাড়া পাওয়ার সময়ও 'কয়েক ডজন রাব্বি ও অংশগ্রহণকারী' আটক অবস্থায় ছিলেন বলে তিনি জানান।
ইসরায়েলি কর্তৃপক্ষ বুধবার বিকেলে এক বিবৃতিতে জানায়, আটক স্বেচ্ছাসেবীদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে। আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, 'একজন কংগ্রেস প্রার্থীকে আটকের খবরের বিষয়ে আমরা জানাতে চাই, বিষয়টি আমাদের নজরে আনার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।'
আইডিএফ আরও বলেছে, সংশ্লিষ্ট জমির ফল কুড়াতে অল্প কয়েকজনই যথেষ্ট; নিরাপত্তা কর্তৃপক্ষ ডজনখানেক কর্মীর আগমনকে শুধু উসকানি দেওয়ার উদ্দেশ্যে করা কাজ হিসেবে দেখে, যা কুড়ানোর প্রক্রিয়াকে ব্যাহত করে।
তবে রাব্বিস ফর হিউম্যান রাইটসসহ স্বেচ্ছাসেবী দলটি কর্তৃপক্ষের প্রটোকল না মানার অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা শান্তিপূর্ণভাবে জলপাই কুড়াচ্ছিল। সংগঠনটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অ্যান্টন গুডম্যান এক বিবৃতিতে বলেন, 'আমরা কৃষকদের সঙ্গে সেই জমিতে গিয়েছিলাম, যেখানে তারা তিন বছর ধরে যেতে পারেনি। দুই ঘণ্টা শান্তভাবে কুড়ানোর পর বড় বাহিনী এসে এলাকাটি বন্ধ করে দেয়। এই আদেশের কথা আগে থেকে কেউ জানতে পারত না।' তিনি আরও বলেন, 'নিজেদের জমিতে কাজ করা মানুষদের রক্ষা করার বদলে সেনাবাহিনী তাদের জমি থেকে সরিয়ে দিচ্ছে এবং যারা তাদের পাশে দাঁড়াতে এসেছিল, তাদের আটক করছে।'
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সামাজিক মাধ্যমে পোস্ট করে ঘটনাটিকে ল্যান্ডারের 'স্টান্ট' বলে অভিহিত করেছে। মন্ত্রণালয়ের অভিযোগ, ল্যান্ডারের দল তাঁর সফরের আগে যুক্তরাষ্ট্রে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং তাদের স্পষ্টভাবে বলা হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যথাযথ সমন্বয় করতে হবে; ল্যান্ডার সেই নির্দেশ উপেক্ষা করেছেন।
ল্যান্ডার পরে বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে 'একাধিক মিথ্যা' রয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, তিনি তাঁর সফরের কথা মার্কিন দূতাবাসকে জানিয়েছিলেন; দূতাবাস উত্তর দিলেও জলপাই কুড়ানোর জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে—এমন কোনো নির্দেশনা দেয়নি। তিনি আরও বলেন, 'আমরা বাস থেকে নামার সময় কোনো চেকপয়েন্ট পার হইনি, কোনো ইসরায়েলি সেনা বা নিরাপত্তা ব্যবস্থাও পার হইনি। এটি যে নিরাপত্তা এলাকা, এমন কোনো নোটিশ ছিল না; আজ সকালে যারা মানচিত্র দেখেছে, সবাই দেখেছে এটি বন্ধ সামরিক এলাকা বা নির্ধারিত নিরাপত্তা এলাকা নয়।'
ল্যান্ডার জুনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বর্তমান কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যানকে হারিয়ে মনোনয়ন পান। ব্রুকলিন ও নিম্ন ম্যানহাটনের প্রবল ডেমোক্র্যাট-অধ্যুষিত আসনটিতে তিনি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ও অন্যান্য প্রগতিশীল ডেমোক্র্যাটদের সমর্থন পেয়েছেন। সাধারণ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জেনিফার মুর।
মামদানি বুধবার এক বিবৃতিতে ল্যান্ডার ও নিউইয়র্কবাসীসহ অন্য কর্মীদের আটকের ঘটনায় ইসরায়েলি সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, 'ব্র্যাড ছাড়া পাওয়ায় আমি কৃতজ্ঞ। কিন্তু অন্য নিউইয়র্কবাসীরা এখনো আটক আছেন; তাদের অবিলম্বে ছেড়ে দিতে হবে।'
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, পশ্চিম তীরে আমেরিকানদের আটকের খবর সম্পর্কে দপ্তর অবগত রয়েছে। তিনি বলেন, 'বিদেশে থাকা আমেরিকানদের সহায়তার প্রতিশ্রুতিকে ট্রাম্প প্রশাসন গুরুত্বের সঙ্গে নেয় এবং আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।' বিদেশে আমেরিকানরা আটক হলে পর্যাপ্ত চিকিৎসাসেবা, যথাযথ আচরণ ও কনস্যুলার সাক্ষাতের সুযোগ পাওয়ার জন্য দপ্তর কাজ করে বলেও তিনি জানান।






