টাকোর ভেতরে গরুর দাঁত! টেক্সাসের জনপ্রিয় রেস্তোরাঁ চেইনের বিরুদ্ধে আড়াই লাখ ডলারের মামলা
দুপুরের খাবার খেতে গিয়ে প্রায় গিলে ফেলেছিলেন আস্ত একটি গরুর দাঁত — এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের জনপ্রিয় রেস্তোরাঁ চেইন টর্চিস টাকোসের বিরুদ্ধে মামলা করেছেন নোহেমি কাস্তিলো নামের এক নারী। রেস্তোরাঁ কর্তৃপক্ষ নিজেই নিশ্চিত করেছে, খাবারে পাওয়া বস্তুটি সত্যিই একটি গরুর দাঁত ছিল।
মামলার নথি অনুযায়ী, ঘটনাটি গত ৯ জুনের। অস্টিনের সাউথ কংগ্রেস অ্যাভিনিউ শাখা থেকে টেকআউট খাবার কিনেছিলেন কাস্তিলো। তাঁর অর্ডারে ছিল চেইনটির ‘ডেমোক্র্যাট’ টাকো। বারবাকোয়া খাওয়ার সময় তিনি প্রায় দাঁতটি গিলে ফেলেছিলেন বলে অভিযোগে বলা হয়েছে।
মামলাটি দায়ের করা হয়েছে ১৩ অক্টোবর ট্র্যাভিস কাউন্টি জেলা আদালতে। কাস্তিলোর আইনজীবী স্কট ভাসকেজের দেওয়া এক সাক্ষীর বিবৃতিতে ঘটনার মুহূর্তটি বর্ণনা করা হয়েছে।
সাক্ষী লিখেছেন, খাওয়ার সময় তিনি হঠাৎ কাস্তিলোর চিৎকার শোনেন। ঘুরে দেখেন, কাস্তিলো মুখ থেকে কিছু একটা টেনে বের করছেন আর বলছেন, ‘মনে হচ্ছে হাড়।’ পরে বাম গাল ধরে বস্তুটি পরীক্ষা করে তিনি বুঝতে পারেন, এটি দেখতে একটি দাঁতের মতো।
টর্চিস টাকোস অস্টিনের টেলিভিশন স্টেশন কেভিইউইকে দেওয়া বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, ‘অতিথির অভিযোগ পাওয়ার পর আমরা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি এবং বস্তুটিকে একটি গরুর দাঁত হিসেবে শনাক্ত করেছি। মাংস প্রক্রিয়াজাতকরণের সময় এমনটি মাঝেমধ্যে ঘটতে পারে, যদিও এটি খুবই বিরল।’
রেস্তোরাঁটি জানিয়েছে, তাদের বারবাকোয়া তৈরি হয় সরবরাহকারীর কাছ থেকে নেওয়া প্রাকৃতিক গরুর গালের মাংস দিয়ে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে ঠেকাতে তারা সরবরাহকারীর সঙ্গে অংশীদারত্বে অভ্যন্তরীণ পদ্ধতি আরও জোরদার করেছে।
তবে কাস্তিলোর আইনজীবী ভাসকেজের দাবি ভিন্ন। তিনি বলেছেন, অক্টোবরে স্থানীয় সংবাদমাধ্যমে খবরটি আসার আগ পর্যন্ত, অর্থাৎ ঘটনার প্রায় চার মাস ধরে, প্রতিষ্ঠানটি তাঁর কাছে স্বীকারই করেনি যে বস্তুটি গরুর দাঁত ছিল। তিনি মাপের ফিতার পাশে দাঁতটির ছবিও প্রকাশ করেছেন, যাতে বস্তুটির বড় আকার স্পষ্ট বোঝা যায়। আদালতে জমা দেওয়া আরেকটি ছবিতে অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর টাকোর মাংসের পাশে বস্তুটি দেখা যাচ্ছে।
মামলায় বলা হয়েছে, এই আবিষ্কারে কাস্তিলো বিরক্ত ও অসুস্থ বোধ করেন এবং সেদিন সন্ধ্যায়ই চিকিৎসকের কাছে যান, যেখানে তাঁকে ওষুধ দেওয়া হয়। অভিযোগে চিকিৎসা ব্যয়, শারীরিক যন্ত্রণা, মানসিক কষ্টসহ নানা ক্ষতির কথা বলা হয়েছে।
কাস্তিলো টর্চিস টাকোস ও এর পরিচালনাকারী সাকসেস ফুডস ম্যানেজমেন্ট গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তারা খাবার বিক্রির আগে তা যথাযথভাবে প্রস্তুত, পরীক্ষা ও বিতরণ করতে ব্যর্থ হয়েছে। মাংস সরবরাহকারীকে যথেষ্ট নজরদারি না করা, খাবার খাওয়ার উপযোগী বলে দেওয়া অন্তর্নিহিত নিশ্চয়তা ভঙ্গ, টেক্সাসের প্রতারণামূলক বাণিজ্য আইন ও ফেডারেল খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে মামলায়।
কাস্তিলোর দাবি, ত্রুটির কথা জানলে তিনি ওই খাবার কিনতেন না, অথবা কেনার পর আরও ভালোভাবে পরীক্ষা করতেন। তিনি ২ লাখ ৫০ হাজার ডলার বা তার কম পরিমাণ আর্থিক প্রতিকার চাইছেন; চূড়ান্ত অঙ্ক নির্ধারণ করবে জুরি।
ভাসকেজ আরও বলেছেন, খবরটি প্রকাশের পর আরও কয়েকজন একই ধরনের অভিজ্ঞতার কথা তাঁকে জানিয়েছেন, যদিও সেসব দাবি স্বাধীনভাবে যাচাই হয়নি। তাঁর অভিযোগ, প্রতিষ্ঠানটির আগের জবাবে সীমিত তথ্য দিয়ে দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা ছিল।
টর্চিস বলছে, তারা অভিযোগটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, ‘আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত এবং আমাদের খাবার নিয়ে সব উদ্বেগকেই গুরুত্ব দিই।’ এখন মামলার পরিণতি নির্ভর করছে আদালতের শুনানির ওপর।





