ফরিদগঞ্জে সংবাদ করায় ইত্তেফাকের সাংবাদিকের ওপর হামলা, এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল পাটোয়ারীসহ কয়েকজন তার ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। দিনের বেলায় বাজারের ব্যস্ত এলাকায় এ হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দফায় দফায় মারধরের পর সাংবাদিক মহিউদ্দিনকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত সাংবাদিক মহিউদ্দিন অভিযোগ করেন, সকালে বাড়ি যাওয়ার পথে ফরিদগঞ্জ বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে পেছন দিক থেকে কামরুল তার ঘাড়ে আঘাত করে। তিনি বলেন, ‘এ সময় আমি প্রতিবাদ করলে সে আমাকে কিল ঘুষি মারে। এভাবে কয়েকবার হাঁটতে হাঁটতে আমার ওপর হামলা করা হয়।’
মহিউদ্দিন আরও অভিযোগ করেন, একপর্যায়ে লোকজনের সহযোগিতায় হাসপাতালে চিকিৎসা নিতেও তাকে বাধা দেওয়া হয়।
হামলার কারণ সম্পর্কে তিনি বলেন, কয়েকদিন আগে একটি ঘটনায় স্বেচ্ছাসেবক দলের চারজনকে গ্রেপ্তারের সংবাদ করার কারণেই তার ওপর এই হামলা হয়েছে। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
তবে অভিযুক্ত কামরুল পাটোয়ারীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিক মহিউদ্দিন তাকে চাঁদাবাজ বলায় ক্ষিপ্ত হয়ে তিনি তাকে লাঞ্ছিত করেছেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগত ঝামেলার কারণে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।’
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাংবাদিকের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
সংবাদ সংগ্রহের কারণে সাংবাদিকের ওপর হামলার ঘটনা দেশে নতুন নয়। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি দীর্ঘদিনের। এই ঘটনার তদন্ত ও বিচার কোন দিকে যায়, সেদিকে নজর থাকবে স্থানীয় সাংবাদিক সমাজের।




