রাশিয়ার হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন সংগ্রহের পরিকল্পনা ফিনল্যান্ডের
রাশিয়ার সম্ভাব্য হুমকির মুখে প্রতিরক্ষা জোরদার করতে ১০ লাখ ব্যক্তিবিধ্বংসী স্থলমাইন সংগ্রহের পরিকল্পনা নিয়েছে ফিনল্যান্ড। এই অস্ত্র কিনতে দেশটি প্রায় ১০ কোটি ইউরো, অর্থাৎ প্রায় ১১ কোটি ২০ লাখ ডলার ব্যয়ের প্রস্তুতি নিচ্ছে।
সম্প্রতি ফিনল্যান্ড আঞ্চলিক মিত্রদের সঙ্গে মিলে স্থলমাইন নিষিদ্ধকারী জাতিসংঘের অটোয়া চুক্তি থেকে সরে এসেছে। পূর্ব সীমান্তে রাশিয়ার তৎপরতাকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ফিনল্যান্ড ২০১২ সালে অটোয়া চুক্তিতে যোগ দিয়েছিল — মানবিক এই চুক্তির লক্ষ্য ছিল ব্যক্তিবিধ্বংসী মাইন নির্মূল করা। ওই চুক্তির আওতায় দেশটি ১০ লাখের বেশি মাইন ধ্বংসও করেছিল।
তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে ফিনল্যান্ড ২০২৫ সালের এপ্রিলে চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় এবং গত জানুয়ারি থেকে দেশটি আর ওই চুক্তিতে আবদ্ধ নেই।
ফিনল্যান্ডের পাশাপাশি এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডও একই চুক্তি ছেড়েছে। ইউক্রেনের কট্টর সমর্থক এই দেশগুলো রাশিয়ার সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে এই পদক্ষেপ নিয়েছে।
সেনাবাহিনীর কমান্ডের কর্নেল রিকু মিক্কোনেন ফিনল্যান্ডের জাতীয় সংবাদ সংস্থা এসটিটিকে জানিয়েছেন, কর্মকর্তারা এখন সম্ভাব্য সরবরাহকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
মিক্কোনেন বলেন, দেশীয় নির্মাতারা ফিনল্যান্ডেই মাইন উৎপাদন করলে তা নানা দিক থেকে উপকারী হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় আধা ডজন ফিনিশ প্রতিষ্ঠান এই যোগ্যতা রাখে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ চুক্তি সই এবং ২০২৮ সাল থেকে উৎপাদন শুরু হওয়ার কথা। তবে এই পর্যায়ে বিদেশ থেকে মাইন কেনার সম্ভাবনাও পুরোপুরি বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন মিক্কোনেন।
প্রধানমন্ত্রী পেত্তেরি ওর্পো রাশিয়াকে ফিনল্যান্ডের জন্য দীর্ঘমেয়াদি হুমকি বলে অভিহিত করেছেন। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের সীমান্ত প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার, অর্থাৎ প্রায় ৮৩০ মাইল দীর্ঘ।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে ফিনল্যান্ড নিজের প্রতিরক্ষা জোরদার করেছে। দেশটি জানিয়েছে, পূর্ব সীমান্ত দিয়ে অভিবাসীদেরও ঠেলে পাঠানো হয়েছে।
এর মধ্যেই সোমবার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া বন্ধ রাখতে।
ভালতোনেন বলেন, রাশিয়া যখন হামলা চালিয়ে যাচ্ছে, তখন রুশ নাগরিকদের ভিসা দেওয়া ঠিক নয়; তাদের দেশ যখন ইউক্রেনীয়দের ঘরবাড়িতে বোমা ফেলছে, তখন তাদের ইউরোপের সুযোগ-সুবিধা ভোগ করা উচিত নয়।
তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে শেনজেনভুক্ত দেশগুলো রুশ নাগরিকদের প্রায় পাঁচ লাখ পর্যটক ভিসা দিয়েছে। ফিনল্যান্ড ২০২২ সালেই এমন ভিসা বন্ধ করে দিয়েছিল, এবং পুরো ব্লকেরও একই পথ অনুসরণ করা উচিত বলে তিনি যুক্তি দিয়েছেন।






