ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে ঢুকে পড়ল কালো ভালুক, খেল কর্মীদের খাবার আর এক জার মধু
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি লাইব্রেরিতে বুধবার এমন এক অতিথি ঢুকে পড়েছে, যাকে দেখে গল্পের বইয়ের কথা মনে পড়ে যায়। একটি কালো ভালুক লাইব্রেরির ভেতরে ঢুকে কর্মীদের রাখা খাবারে ভাগ বসিয়েছে এবং একটি জার মধু খেয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উইনি-দ্য-পু বইয়ের ১০০ বছর পূর্তির দিনেই।
ভালুকটি বুধবার ভোর ৬টা ১০ মিনিটের দিকে মনো কাউন্টি ফ্রি লাইব্রেরিজের ম্যামথ লেকস শাখায় ঢোকে। লাইব্রেরি খোলার সময় সকাল ১০টা, তার চার ঘণ্টারও বেশি আগে ভালুকটি ভেতরে চলে আসে। লাইব্রেরির পরিচালক জোসেফ বপ স্থানীয় সংবাদমাধ্যম কেএমপিএইচকে এ তথ্য জানিয়েছেন।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, ভালুকটি কর্মীদের খাবারের মজুতে হানা দেয়। সেখানে সে পিনাট বাটার, পিচের কাপ, কুকিজ এবং এক জার মধু খায়। খাবার খাওয়ার পর সে লাইব্রেরির ভেতরে ঘুরে বেড়ায়।
খাওয়া শেষে ভালুকটি নতুন বইয়ের অংশ ও রেফারেন্স ডেস্কের দিকে যায়। কিছুক্ষণ ঘোরাঘুরির পর সে নিজে নিজেই বাইরে বেরিয়ে যায়। ভেতরে থাকার সময় তার কোনো পাঠকের সঙ্গে দেখা হয়নি, কারণ তখনো লাইব্রেরি খোলেইনি।
মনো কাউন্টি শিক্ষা কার্যালয় বুধবার একটি বিবৃতি দিয়েছে। বিবৃতির সঙ্গে নজরদারি ক্যামেরার ভিডিওও দেওয়া হয়, যেখানে ভালুকটিকে লাইব্রেরির ভেতরে হেঁটে বেড়াতে, বই, একটি চেয়ার ও মেঝে শুঁকতে দেখা যায়।
বিবৃতিতে কার্যালয়টি বলেছে, আজ সকালে পাঠকদের জন্য দরজা খোলার আগেই ম্যামথ লেকস লাইব্রেরিতে এক বিশেষ অতিথি এসেছিল। তারা মজা করে বলেছে, ধারণা করা যায় নতুন এই অতিথি উইনি-দ্য-পু বইয়ের একটি কপি খুঁজছিলেন, যেটি ঠিক ১০০ বছর আগে আজকের দিনেই প্রকাশিত হয়েছিল।
লাইব্রেরি পরিচালক জোসেফ বপেরও এই অপ্রত্যাশিত অতিথির উদ্দেশে একটি বার্তা ছিল। তিনি বলেছেন, উৎসাহী পাঠককে তারা ভালোবাসেন এবং শতবর্ষের উত্তেজনাও বোঝেন, তবে পাঠকদের, আর তার চেয়েও বেশি ভালুকদের, মনে করিয়ে দিতে চান যে খাবার ধার দেওয়ার সংগ্রহের অংশ নয়।
উইনি-দ্য-পু লিখেছেন এ এ মিলনে, ছবি এঁকেছেন ই এইচ শেপার্ড। বইটিতে মধুপ্রিয় এই ভালুক ও তার বন্ধুদের অভিযানের গল্প বলা হয়েছে। হান্ড্রেড একর উডের বন্ধুদের মধ্যে রয়েছে পিগলেট, টিগার, ইয়োর, র্যাবিট, আউল, কাঙ্গা ও রু।
বইটির অনুপ্রেরণার একটি অংশ এসেছে মিলনের ছেলে ক্রিস্টোফার রবিনের একটি টেডি বিয়ার থেকে, আরেকটি অংশ লন্ডন চিড়িয়াখানার উইনিপেগ নামে একটি সত্যিকারের কালো ভালুক থেকে। বইটি ও এর পরের তিনটি বই প্রজন্মের পর প্রজন্ম ধরে শিশুদের প্রিয় হয়ে আছে। ওয়াল্ট ডিজনি কোম্পানি মিলনের চরিত্রগুলো চলচ্চিত্র ও টেলিভিশনে রূপ দেওয়ার পর অনেকেই তাদের সঙ্গে পরিচিত হয়েছেন।
মূল উইনি-দ্য-পু বইয়ের ১০০ বছর পূর্তি উদ্যাপনে মনো কাউন্টি ফ্রি লাইব্রেরিজ এলাকার বাসিন্দাদের এর সাতটি শাখার যেকোনো একটিতে গিয়ে মিলনের ক্লাসিক বই বা ভালুক-বিষয়ক অন্য বই ধার নিতে উৎসাহিত করেছে। এই লাইব্রেরি ব্যবস্থায় ১ লাখ ৮০ হাজারের বেশি ছাপা বই রয়েছে, পাশাপাশি অনলাইন সম্পদও রয়েছে।
গল্পের মতো এই ঘটনার মধ্যেও কর্মকর্তারা বাসিন্দাদের মনে করিয়ে দিয়েছেন, কালো ভালুক বন্য প্রাণী, তাদের কাছে যাওয়া বা খাবার দেওয়া কখনোই উচিত নয়। ভালুক ঠেকাতে পারে এমন আবর্জনার পাত্র ব্যবহার করতে এবং গাড়ির দরজা-জানালা বন্ধ রাখতেও তারা পরামর্শ দিয়েছেন।






