বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
সর্বশেষ হালনাগাদ:
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনবড়লেখা টুডে — বড়লেখা-সিলেট ও প্রবাসের নিয়মিত পাঠকের কাছে আপনার ব্যবসাকে পৌঁছে দিনবিজ্ঞাপনের তথ্য →
অর্থনীতি ও ব্যবসা

সওজের চার শতাধিক স্থাপনার ছাদে বসবে সৌর প্যানেল, উৎপাদন হবে ৫,১৪৪ কিলোওয়াট

নিজস্ব প্রতিবেদক • • পড়ার সময়: ৩ মিনিট

সারা দেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) চার শতাধিক স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অধিদপ্তরের ভবনের ছাদ ও অব্যবহৃত খালি জায়গা কাজে লাগিয়ে ধাপে ধাপে মোট ৫,১৪৪ কিলোওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করেছে সওজ।

পরিকল্পনা অনুযায়ী চলতি অর্থবছর থেকে ২০২৯-৩০ অর্থবছর পর্যন্ত চার বছরে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সওজের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ‘সওজের বিভিন্ন ভবনের ছাদ ও অব্যবহৃত জায়গায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

প্রধান প্রকৌশলী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে ২৮৪ কিলোওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে। আরও ৯৬০ কিলোওয়াট সক্ষমতার ব্যবস্থা স্থাপনের প্রস্তুতিও চলছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো হবে।

সওজের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ১,২৪৪ কিলোওয়াট, ২০২৭-২৮ অর্থবছরে ১,২০০ কিলোওয়াট, ২০২৮-২৯ অর্থবছরে ১,২০০ কিলোওয়াট এবং ২০২৯-৩০ অর্থবছরে ১,৫০০ কিলোওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চার অর্থবছরের মোট লক্ষ্যমাত্রা ৫,১৪৪ কিলোওয়াট।

অধিদপ্তরের বিভিন্ন ভবনের ছাদ ছাড়াও অব্যবহৃত খালি জায়গাকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এসব জায়গায় মেগাওয়াট-স্কেলের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য প্রকল্প প্রণয়নের কাজও চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনকে শুধু বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ হিসেবে দেখছে না সওজ। বরং বিদ্যুৎ ব্যয় কমানো, বিদ্যমান অবকাঠামোর কার্যকর ব্যবহার এবং পরিবেশবান্ধব জ্বালানির প্রসারের একটি সমন্বিত উদ্যোগ হিসেবেও এটিকে বিবেচনা করা হচ্ছে।

অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়, প্রকৌশল স্থাপনা ও অন্যান্য ভবনের ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা গেলে বিদ্যুতের একটি অংশ নিজস্ব ব্যবস্থায় উৎপাদন করা সম্ভব হবে। এতে দিনের বেলায় কার্যালয়ের বিদ্যুৎ চাহিদার কিছু অংশ পূরণ করা যাবে এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সহায়তা মিলবে।

তবে এই উদ্যোগের সুফল নির্ভর করবে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার কার্যকর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, উৎপাদিত বিদ্যুতের যথাযথ ব্যবহার এবং গ্রিডের সঙ্গে সংযোগের ওপর।

একই সঙ্গে কোন স্থাপনায় কতটুকু বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, কতটা নিজস্ব ব্যবহারে যাচ্ছে এবং এতে কত টাকা সাশ্রয় হচ্ছে — এসব তথ্য নিয়মিত মূল্যায়ন করা হলে প্রকল্পের কার্যকারিতা নিরূপণ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সওজের পরিকল্পনা অনুযায়ী, অব্যবহৃত জমিতে বৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাবনাও কাজে লাগানো হবে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে সরকারি অবকাঠামোকে কাজে লাগিয়ে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের পরিধি বাড়বে।

অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে অধিদপ্তরের বিভিন্ন স্থাপনায় ৪১০ কিলোওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এসব ব্যবস্থা থেকে প্রতি মাসে প্রায় ২৫ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনবড়লেখা টুডে — বড়লেখা-সিলেট ও প্রবাসের নিয়মিত পাঠকের কাছে আপনার ব্যবসাকে পৌঁছে দিনবিজ্ঞাপনের তথ্য →

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা • ৪ মিনিটে পড়ুন

উচ্চ রক্তচাপ এখন দেশের শীর্ষ রোগ, নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের দাবি কর্মশালায়

বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বাজেটের বরাদ্দ বাড়ানো এবং ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য ও গণমাধ্য…

অর্থনীতি ও ব্যবসা • ১ মিনিটে পড়ুন

শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে রেনাটা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।…

অর্থনীতি ও ব্যবসা • ৪ মিনিটে পড়ুন

ভোগের প্রকাশক কন্ডে নাস্টের ব্রিটেনে লাভ কমল তিনভাগের একভাগের বেশি, বিক্রির সম্ভাবনা নাকচ মালিকপক্ষের

বিলাসবহুল পত্রিকার সাম্রাজ্য কন্ডে নাস্টের যুক্তরাজ্য শাখার লাভ গত বছর তিনভাগের একভাগের বেশি কমে গেছে। ভোগ থেকে জিকিউ পর্যন্ত পত্রিকার মালিক ধনকুবের প…

অর্থনীতি ও ব্যবসা • ৮ মিনিটে পড়ুন

ঋণ আর সঞ্চয় ভেঙে চলছে তিন কোটি মানুষের সংসার, তিন ফাঁদে অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি এখন একসঙ্গে তিনটি গভীর কাঠামোগত সংকটে আটকে আছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। প্রথম সংকটটি ঘরে ঘরে — কাজ করেও বহু পরিবার প্রয়োজন…