…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
রাজনীতি

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না এসে বিরোধী দল ধোঁকাবাজি করেছে: প্রতিমন্ত্রী শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও তাঁরা উপস্থিত না হয়ে ধোঁকাবাজির পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা জুলাই-আগস্ট নিয়ে সারাদিন রাজনীতি করেন ও চিৎকার করেন, তারা দাওয়াত পাওয়া সত্ত্বেও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হননি; বরং না আসার পক্ষে খোঁড়া যুক্তি দাঁড় করিয়েছেন।

তিনি জানান, গত ১৯ অক্টোবর ওসমানী উদ্যানে সরকারের পক্ষ থেকে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে সকল সমমনা, সহযোগী ও জোটের রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দাওয়াত দেওয়া হয়েছিল।

শুধু দাওয়াত কার্ড পাঠানোই নয়, সিটি করপোরেশনের প্রশাসক মোহা. আবদুস সালাম টেলিফোনেও সবাইকে আমন্ত্রণ নিশ্চিত করেছিলেন বলে জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধ, আবু সাঈদ ও আনাসের বাবা এবং এক শহীদের মাকে সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভ এবং দীর্ঘ ১০ বছর পর আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের এই একমাত্র শহীদ স্মৃতিস্তম্ভে গেজেটভুক্ত ৮৩৪ জন শহীদের নাম লেখা রয়েছে বলে জানান তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বক্তব্য প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, দাওয়াত কার্ডে বিরোধীদলীয় নেতার নাম না থাকায় তারা যাননি বলে যে যুক্তি দেওয়া হয়েছে, তা সঠিক নয়।

তিনি আরও বলেন, অনুষ্ঠানে প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, জাতীয় নেতা সাইফুল হক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নাম দাওয়াত কার্ডে না থাকলেও প্রধানমন্ত্রী তাঁদের মঞ্চে ডেকে নেন। দাওয়াত গ্রহণ করে বিরোধী দল উপস্থিত হলে প্রধানমন্ত্রী তাদের প্রতিনিধিকেও মঞ্চে ডেকে নিতেন বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

বিশেষ কোনো ধর্ম বা গোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় মানুষকে বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে জামায়াতে ইসলামী সস্তা রাজনীতি করছে। তিনি বলেন, ‘ভোটের আগে আপনারা মানুষকে বেহেশতের লোভ দেখান, আবার পূজায় ঢাকের তালে নাচেন; অথচ ভোটের পর এবার কোনো পূজায় আপনাদের খুঁজে পাওয়া যায়নি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ইতিহাসে এই প্রথম বিরোধী দল চকলেট পাচ্ছে। অথচ আমরা অতীতে বসার জায়গাও পাইনি। আপনারা বর্তমানে সব সুযোগ-সুবিধা পাচ্ছেন।’ জামায়াতসহ বিরোধী দলগুলো এখন এক দফার নামে দেশজুড়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কোনো বিশেষ ধর্মীয় বা নির্দিষ্ট গোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি করে না; এখানে সবাই বাংলাদেশি, এবং সব মানুষের হৃদয় জয় করেই বিএনপি আবারও জনগণের দ্বারে ফিরে যাবে। বিশেষ ধর্ম বা গোষ্ঠীকে পুঁজি করে যারা রাজনীতি করে, তাদের পরিণতি দেশের মানুষ অতীতেও দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলকে একতরফা আন্দোলন বা লং মার্চ বাদ দিয়ে সংসদে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভুল ধরিয়ে দেওয়া বা বারবার ওয়াকআউট করাও গণতন্ত্রের সৌন্দর্য; বিরোধী দলের সে অধিকার রয়েছে এবং ওয়াকআউট শেষে তারা আবার ফিরে আসেন। বাকস্বাধীনতার নামে অশালীন ভাষা প্রয়োগ না করার অনুরোধ জানিয়ে তিনি সতর্ক করেন, এরপরও অশালীন ভাষা ব্যবহার হলে জাতীয়তাবাদী শক্তি তা মেনে নেবে না। দলের ভেতরের শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, ‘গুপ্ত বিএনপি’র মধ্যেও রয়েছে; কারা এসব করছে, তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ শূন্য রাখা হয়েছে। সংঘাতের পথ ছেড়ে কমিটিতে সম্পৃক্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়নে অংশ নিতে এবং দ্রুত পাঁচজন প্রতিনিধির নাম দিতে তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান। প্রেস ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত কিচক হরিপুর গ্রামের ফিরোজার পরিবারকে পাঁচ লাখ টাকা প্রদান করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

এনসিপির মিডিয়া সম্পাদক হলেন সাংবাদিক থেকে রাজনীতিতে আসা ইয়াসির আরাফাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াসির আরাফাত। দলটির পক্ষ থেকে শুক্রবার …

রাজনীতি

৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভের ডাক এনসিপির, স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর অবিল…

রাজনীতি

আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সমঝোতা: এলএনজি-এলপিজি আমদানি ও যৌথ অবকাঠামোর নতুন সুযোগ, বললেন হুমায়ুন কবির

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ফলে জ্বালানি আমদানি ও যৌথ অবকাঠামো উন্নয়নের নতুন সুযো…

রাজনীতি

পাহাড় অশান্ত করে রাজনৈতিক সংকট তৈরির সুযোগ দেওয়া হবে না, বললেন রাশেদ খান

পাহাড়কে অশান্ত করে কোনো ঘোলাটে পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক সংকট সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খ…