…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
আন্তর্জাতিক

বড় ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে সৌদি আরব, কারখানা সম্প্রসারণের ছবি স্যাটেলাইটে

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব সম্ভবত তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা সম্প্রসারণ করছে, যাতে আরও বড় আকারের কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরি করা যায়। বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া এক বছরেরও বেশি সময়ের ছবি বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের দুজন গবেষক এ তথ্য প্রকাশ করেছেন। শুক্রবার এক বিশেষ প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গবেষকদের মতে, এ ধরনের ক্ষেপণাস্ত্র আরও দূর পর্যন্ত যেতে সক্ষম হবে অথবা আরও ভারী পেলোড—অস্ত্র বা অন্যান্য সরঞ্জাম—বহন করতে পারবে।

এ ধরনের উন্নত সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র সৌদি আরবকে ইরানের পক্ষ থেকে আসা আক্রমণ প্রতিহত করতে এবং তাদের সামরিক বাহিনীকে আরও স্বনির্ভর করে তুলতে সাহায্য করতে পারে। একই সঙ্গে ইয়েমেনে তেহরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতের ক্ষেত্রেও এটি সৌদি আরবের অবস্থান আরও শক্তিশালী করে তুলতে পারে।

তবে এর ফলে অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি হতে পারে। এ ছাড়া মার্কিন কংগ্রেসের ভেতরে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক চুক্তি নিয়ে যে উদ্বেগ রয়েছে—বিশেষ করে পারমাণবিক প্রযুক্তির বিস্তার সংক্রান্ত—তা আরও জোরালো হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট কোম্পানি প্ল্যানেট ল্যাবস রিয়াদের প্রায় ১২৫ মাইল পশ্চিমে অবস্থিত আল-দুওয়াদিমি কমপ্লেক্সের ছবি সংগ্রহ করেছে, যা এপ্রিল ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৬ সালের মধ্যবর্তী সময়ের।

ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষক স্যাম লেয়ার এবং মাইকেল ডুইটসম্যান এই ছবিগুলো বিশ্লেষণ করে জানিয়েছেন, সেখানে একটি নতুন ভবন দেখা যাচ্ছে। এই ভবনের ভেতরে রয়েছে কাস্টিং পিট বা বিশেষ গর্ত—যেখানে ক্ষেপণাস্ত্রের মোটর কেসিংয়ের ভেতর জ্বালানি উপাদানের মিশ্রণ ঢেলে তা শক্ত হতে দেওয়া হয়।

সৌদি দূতাবাস এবং তথ্য মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

লেয়ার ও ডুইটসম্যান তাঁদের মূল্যায়নে জানিয়েছেন, ভবনটির চারপাশে এমন কিছু দেয়াল রয়েছে, যা সম্ভবত কোনো অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণ থেকে পার্শ্ববর্তী স্থাপনাগুলোকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। ভবনটি অন্ততপক্ষে সেই স্থাপনাটির দ্বিগুণ বড়, যেখানে বর্তমানে ক্ষেপণাস্ত্র তৈরির কাস্টিং পিট রয়েছে বলে ধারণা করা হয়।

তাঁরা আরও জানান, দ্বিতীয় নতুন ভবনটি জ্বালানির উপাদান অথবা ক্ষেপণাস্ত্রের তৈরি যন্ত্রাংশ সংরক্ষণের কাজে ব্যবহৃত হতে পারে। তাঁদের ভাষ্য, প্রাপ্ত চিত্রগুলো থেকে বোঝা যায়, সৌদি আরব তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্সের অবকাঠামো সম্প্রসারণ করছে।

সামরিক বাহিনীগুলো কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র বেশি পছন্দ করে, কারণ এগুলো দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায় এবং তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব।

লেয়ার ও ডুইটসম্যান, সেইসঙ্গে লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং গবেষণা সংস্থা সিএনএর বিশেষজ্ঞরা রয়টার্সকে জানিয়েছেন, সৌদি আরবের ক্ষেপণাস্ত্র শক্তির গঠন দেখে মনে হয়, আল-দুওয়াদিমি কমপ্লেক্সটি চীনা প্রযুক্তির ওপর নির্ভরশীল। লেয়ার ও ডুইটসম্যানের মতে, এই কমপ্লেক্সের বৈশিষ্ট্যগুলো চীনের ক্ষেপণাস্ত্র কারখানাগুলোর মতোই।

সিআইএর ১৯৯১ সালের একটি অবমুক্ত করা নথির তথ্য অনুযায়ী, ১৯৮৭ সালে সৌদি আরব গোপনে চীন থেকে প্রায় ৪০টি তরল জ্বালানিচালিত ডিএফ-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছিল। ২০১৪ সালের এপ্রিলে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজের ছবিতে প্রথমবারের মতো এর দুটি ক্ষেপণাস্ত্র জনসমক্ষে প্রদর্শন করা হয়।

এ ছাড়া গবেষক দলটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি বিশ্লেষণ করে ইয়েমেনে একটি ধ্বংসাবশেষ শনাক্ত করেছে। তাঁদের মূল্যায়ন অনুযায়ী, এটি সৌদি আরবের ছোড়া একটি চীনা নকশার ডিএফ-১৫ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

‘সুস্থ’ হয়েও জনসমক্ষে আসছেন না মোজতবা খামেনি: নিরাপত্তা ঝুঁকির ব্যাখ্যা দিলেন ইরানি কূটনীতিক

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি পূর্ণ সুস্থ রয়েছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় কাজ পরিচালনা করছেন বলে দাবি করেছেন জ্যেষ্ঠ ইরানি কূটনীতিক ও সর্বোচ্চ নেত…

আন্তর্জাতিক

জন্মদিনের সফরে নেতানিয়াহুর গাড়িবহরে কাচের বোতল নিক্ষেপ, থামেনি বহর, ক্ষোভ জানালেন জিম্মি পরিবারগুলো

নিজের ৭৭তম জন্মদিন উপলক্ষে যাওয়ার পথে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার …

আন্তর্জাতিক

আলোচনার ইঙ্গিতের মধ্যেই হামলা জোরদার রাশিয়া-ইউক্রেনের, আবুধাবিতে বসতে পারে ত্রিপক্ষীয় বৈঠক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক উদ্যোগের মধ্যেই দুই দেশ পরস্পরের ওপর হামলা জোরদার করেছে। বৃহস্পতিবার ইউক্রেনের রাজধ…

আন্তর্জাতিক

প্রেসিডেন্টের দীর্ঘ বিদেশ সফর নিয়ে জবাব চায় মালাউইর বিরোধী দল, দেশে জ্বালানি-বিদ্যুৎ সংকটে বাড়ছে ক্ষোভ

মালাউইর প্রেসিডেন্ট পিটার মুথারিকার দীর্ঘ দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে ব্যাখ্যা দাবি করেছে দেশটির বিরোধী দল। জ্বালানি ঘাটতি, বিদ্যুৎ বিভ্রাট আর অর্থনৈতিক …