অলিনের ১৩৫ আর জিসানের ৮৬: প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিনেই ৩৭১ রান বিসিবি একাদশের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখিয়েছে বিসিবি একাদশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৭১ রান তুলেছে স্বাগতিকরা। দিনের নায়ক কালাম সিদ্দিকী অলিন—তাঁর ১৩৫ রানের ইনিংসে ভর করেই বড় সংগ্রহের পথে এগিয়ে গেছে দল।
তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ব্যাট উঁচিয়ে উদযাপন করেছেন অলিন। ডাগআউট থেকে সতীর্থদের করতালি পেয়েছেন তিনি। অন্য প্রান্তে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও আক্ষেপ নিয়ে ফিরেছেন জিসান আলম; তাঁর ৮৬ রানের ইনিংসের পর অলিনের শতকে দিনটি পুরোপুরি স্বাগতিকদের হয়ে গেছে।
তবে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বিসিবি একাদশের। ইনিংসের শুরুতেই জেইডেন সিলসের বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ৪ রান করে ফেরেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
এরপর দ্বিতীয় উইকেটে জিসান আলম ও ইফতেখার হোসেন ইফতি মিলে দলের প্রাথমিক বিপর্যায় সামাল দেন। তবে ৬২ বলে ১৮ রান করে জোমেল ওয়ারিকানের শিকার হন ইফতি। জুটি ভাঙলেও এক প্রান্ত আগলে রেখে সাবলীলভাবে খেলতে থাকেন জিসান।
সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে তোলা এই ওপেনার শেষ পর্যন্ত তিন অঙ্ক ছুঁতে পারেননি। ১০০ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ৮৬ রান করে জোশুয়া বিশপের বলে বোল্ড হন তিনি। মাত্র ১৪ রানের জন্য শতক হাতছাড়া হওয়াটা তাঁর জন্য আক্ষেপের হলেও দলের ভিত গড়ে দিয়েছিল এই ইনিংসই।
জিসানের বিদায়ের পর ইনিংসের হাল ধরেন অলিন। জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন তিনি। চতুর্থ উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ার পথে ৪৮ বলে ৩০ রান করে ফেরেন জাকের। তবে তাতে থামেনি অলিনের ব্যাটিং দাপট।
ক্যারিবীয় বোলারদের সামলে ১৬৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন অলিন। শেষ পর্যন্ত ১৮৫ বলে ১৩৫ রান করে কেবিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। তাঁর ইনিংসটাই দিনের সবচেয়ে বড় প্রাপ্তি বিসিবি একাদশের জন্য।
এরপর চৌধুরী রিজওয়ান শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন। রিজওয়ান ৫৯ রান করে দিনের শেষদিকে ফেরেন। এরপর ক্রিজে আসা মেহরুব হাসান রানের খাতা খোলার আগেই কাটা পড়েন। শেষের দুটি উইকেটই তুলে নেন কাভিম হজ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে জশোয়া বিশপও দুটি উইকেট নিয়েছেন। এছাড়া জেইডেন সিলস, জোমেল ওয়ারিকান ও কেবিন উইকহাম নিয়েছেন একটি করে উইকেট। ক্যারিবীয় বোলাররা মাঝে মধ্যে সাফল্য পেলেও দিনজুড়ে চাপ ধরে রাখতে পারেননি।
দ্বিতীয় দিনে বিসিবি একাদশের লক্ষ্য থাকবে সংগ্রহ আরও বড় করা এবং তারপর বোলারদের পরীক্ষা নেওয়া। প্রস্তুতি ম্যাচে ফলাফলের চেয়ে গুরুত্বপূর্ণ হলো মূল সিরিজের আগে ব্যাটার-বোলারদের ছন্দ যাচাই—প্রথম দিনের ব্যাটিং সেই যাচাইয়ে স্বাগতিকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।




