…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
স্বাস্থ্য

নদীভাঙন আর বদলে যাওয়া আবহাওয়ায় মানিকগঞ্জে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, হিসাবের বাইরে থেকে যাচ্ছে মানসিক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক

নদীভাঙন, তাপমাত্রা বৃদ্ধি আর বৃষ্টিপাতের অনিয়মে মানিকগঞ্জের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। বাড়ি আর ফসলের ক্ষতি টাকার অঙ্কে হিসাব করা গেলেও বাস্তুচ্যুতির দীর্ঘমেয়াদি ট্রমা, স্বাস্থ্যের অবনতি, সামাজিক সম্পর্ক ভেঙে পড়া কিংবা শিক্ষাজীবন নষ্ট হওয়ার মতো ‘অ-অর্থনৈতিক ক্ষতি’ কোনো হিসাবেই আসছে না বলে গবেষণায় উঠে এসেছে।

জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের আয়নাপুর গ্রামে নদীভাঙনে বিনি বেগমের ২০ শতাংশ জমি বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে কয়েকবার ঘর সরিয়ে নিলেও জমি রক্ষা করা যায়নি। ওই এলাকার প্রায় এক ডজন পরিবারের জমি নদীতে গেছে; অনেকে বসতভিটা হারিয়ে খাসজমি, আত্মীয়স্বজন কিংবা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

নদীর দিকে তাকিয়ে বিনি বেগম বলেন, ‘ভাঙনে জমিন আর ঘরের যে ক্ষতি হয়, তা তো মাপন (পরিমাপ) যায়, কিন্তু বাপদাদার ভিটা আর উঠানের গাছগাছালি যখন নদীতে তলায়া যায়, সেই কষ্ট মাপবো ক্যারা? বর্ষা আইলেই রাতে ঘুম হয় না, মনে হয় এই বুঝি ঘরটা আবার নদীতে পইড়া গেল।’ ভাঙনের এই আতঙ্কই এখন নদীপাড়ের মানুষের প্রতিদিনের সঙ্গী।

হরিরামপুরের চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নে প্রায় দুই হাজার পরিবার ইতোমধ্যে বসতভিটা হারিয়েছে। শুধু হরিহরদিয়া ও জয়পুর এলাকাতেই দেড় শতাধিক বাড়ি নদীতে গেছে। ভাঙনের এই বিস্তার থেকে বোঝা যায়, সমস্যাটি কোনো একটি গ্রামের নয়, পুরো চরাঞ্চলের।

হরিহরদিয়া গ্রামের জীবন মোল্লা পদ্মার ভাঙনে নিজের চোখের সামনে পূর্বপুরুষদের কবর নদীগর্ভে যেতে দেখেছেন। তিনি বলেন, ‘চোখের সামনে পদ্মা আমাদের বসতভিটা, ফসলি জমি সবকিছু কেড়ে নিয়েছে। এবছর নদীগর্ভে হারিয়ে গেল আমাদের পূর্বপুরুষদের শেষ স্মৃতিচিহ্নটুকুও। প্রপিতামহ মাঈন উদ্দীন মোল্লার দেড় যুগের পুরোনো কবরটি পদ্মার পেটে চলে গেল, অথচ কিছুই করতে পারলাম না। এখন মনে হয়, এই মাটিতে আমাদের শেকড় বলে আর কিছুই অবশিষ্ট রইল না।’

ঢাকার একটি ছাপাখানায় কাজ করতেন বাদল খান। আট বছর আগে অবসরে বাড়ি ফেরেন তিনি; স্ত্রী, পাঁচ ছেলে ও নাতি-নাতনিসহ আট সদস্যের পরিবার তাঁর। বাদল খান জানান, হরিরামপুর উপজেলার দুর্গম চর আজিনগরে ছিল তাঁদের পৈতৃক বসতভিটা। প্রায় ৪০ বছর আগে পদ্মার ভাঙনে সেই ভিটা হারিয়ে পাশের ধুলশুড়া ইউনিয়নের আবিধারা গ্রামে নতুন করে বাড়ি করেন। কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি—আসবাব ও মালামালসহ তাঁর দুটি ঘর নদীগর্ভে বিলীন হয়েছে। জীবনের শেষ সময়ে এসে আবার ভিটা হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

তথ্য বলছে, নদীভাঙনের পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাতের অনিয়ম মানিকগঞ্জের জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও বাংলাদেশ রিসার্চ ইনিশিয়েটিভস অব এনভায়রনমেন্ট সোসাইটির গবেষকেরা ১৯৭৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত ৩০ বছরের আবহাওয়া উপাত্ত বিশ্লেষণ করেছেন। ২০১৮ সালে প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায়, মানিকগঞ্জে বার্ষিক গড় সর্বোচ্চ তাপমাত্রা প্রতি বছর ০.০১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ০.০২ ডিগ্রি সেলসিয়াস হারে বাড়ছে। অন্যদিকে বার্ষিক মোট বৃষ্টিপাত গড়ে বছরে ২.৯ মিলিমিটার করে কমছে।

খানা জরিপে দেখা গেছে, ৯৭ শতাংশ পরিবার নিয়মিত সর্দি, কাশি ও জ্বরে ভোগার কথা জানিয়েছে। ৮৫ শতাংশ পরিবার ডায়রিয়া এবং ৩১ শতাংশ পরিবার চর্মরোগকে প্রধান স্বাস্থ্যসমস্যা হিসেবে উল্লেখ করেছে। বন্যা বা খরার সময় সর্দি-জ্বর (৩০ শতাংশ), ডায়রিয়া (২৯ শতাংশ) ও আমাশয় (২০ শতাংশ) সবচেয়ে বেশি দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের ৪২.১ শতাংশ ডায়রিয়া এবং ৩৭.৯ শতাংশ চর্মরোগের কারণ হিসেবে তাপমাত্রার চরম তারতম্যকে দায়ী করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের গবেষকেরা শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে ২০২৫ সালে ‘লাইভলিহুড ভালনারেবিলিটি ইনডেক্স’ (এলভিআই) বিশ্লেষণ করেছেন। তাতে দেখা যায়, বন্যায় স্থানীয়দের ভৌত সম্পদ ও মানবসম্পদ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তবে ভৌত ক্ষতির চেয়েও গভীর আঘাত আসে মানসিক ও সামাজিক ক্ষেত্রে। গৃহহীন হওয়ার আতঙ্ক গভীর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে, যার ফলে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানসিক ব্যাধি ছড়িয়ে পড়ে।

বারবার স্থানান্তরের কারণে স্বজন ও প্রতিবেশীর পারস্পরিক সহযোগিতার নেটওয়ার্ক, অর্থাৎ সামাজিক মূলধনের সূচক নিচে নেমে আসে। এতে ঘুরে দাঁড়ানোর সক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। জীবিকা হারিয়ে পরিবারগুলো আর্থিক সংকটে পড়লে কিশোর-কিশোরীদের পড়ালেখা বন্ধ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে বাল্যবিবাহের ঝুঁকি বাড়ে।

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সরকার ২০১৮ সালে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ গ্রহণ করলেও গবেষণায় দেখা গেছে, এতে মূলত বাঁধ নির্মাণ ও ভৌত অবকাঠামোকেই প্রাধান্য দেওয়া হয়েছে। নদীপাড়ের মানুষের মানসিক স্বাস্থ্য রক্ষা, সামাজিক মূলধন পুনর্গঠন এবং অ-অর্থনৈতিক ক্ষতি নিরূপণ ও ক্ষতিপূরণের স্পষ্ট দিকনির্দেশনা জাতীয় কৌশলে এখনো নেই।

মনের বন্ধুর সহযোগী সাইকোসোশ্যাল কাউন্সিলর সোনিয়া আক্তার পুষ্প বলেন, ‘নদীভাঙনে বসতভিটা হারানো শুধু আর্থিক ক্ষতি নয়, এটি মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলে। নিজের বাড়ি, পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন ও পরিচিত পরিবেশ হারিয়ে অনেক মানুষ অনিশ্চয়তা, উদ্বেগ ও মানসিক চাপে ভোগেন।’ তিনি বলেন, ‘বারবার বাস্তুচ্যুত হওয়ার অভিজ্ঞতা তাদের নিরাপত্তাবোধ নষ্ট করে এবং সামাজিক সম্পর্কেও দূরত্ব তৈরি করতে পারে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা এ ধরনের পরিস্থিতিতে বাড়তি মানসিক সংকটের মুখে পড়তে পারেন। তাই ঘরবাড়ি ও সম্পদ রক্ষার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের মানসিক স্বাস্থ্যসেবা, সামাজিক সহায়তা এবং পুনর্বাসন নিশ্চিত করা জরুরি।’

একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি শুধু ঘরবাড়ি বা ফসলের আর্থিক ক্ষতিতে সীমাবদ্ধ নয়; এর দীর্ঘমেয়াদি মানসিক ও সামাজিক প্রভাবও রয়েছে।’ তিনি বলেন, আন্তর্জাতিকভাবে অ-অর্থনৈতিক ক্ষতির তহবিলে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না হলে এই খাতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা কঠিন হবে; সরকারের নিজস্ব ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড’-এর অর্থ বরাদ্দ ও বিনিয়োগের ক্ষেত্রে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মানসিক স্বাস্থ্যসেবা এবং সামাজিক পুনর্বাসনকে গুরুত্ব দিতে হবে।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, ‘নদীভাঙনে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য নির্মিত ভবনও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এরপরও স্বাস্থ্যকর্মীরা প্রান্তিক পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছেন। নদীভাঙনপ্রবণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নৌ অ্যাম্বুলেন্স চালুর প্রক্রিয়া চলছে।’ অন্যদিকে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে; তবে নদীর গতিপথ ও স্রোতের পরিবর্তনের কারণে সব এলাকায় ভাঙন প্রতিরোধ করা কঠিন। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

রক্তশূন্যতায় অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হলো, ভর্তি পিজি হাসপাতালে

রক্তশূন্যতায় অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তা…

স্বাস্থ্য

অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসায় ঢাকায় আনা হলো, ভর্তি হবেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে

অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।…

স্বাস্থ্য

স্মৃতিশক্তি ধরে রাখতে প্রতিদিনের পাতে যা রাখবেন: মাছ থেকে গ্রিন টি—বিশেষজ্ঞের আটটি খাবারের তালিকা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পাশাপাশি মস্তিষ্কেও নানা পরিবর্তন ঘটে। অনেকেই স্মৃতিশক্তি কমে যাওয়া, মনোযোগ ধরে রাখতে অসুবিধা কিংবা পরিচিত কোনো বিষয় …

স্বাস্থ্য

সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৬ হাজার ২৭ জন, সবচেয়ে বেশি প্রাণ গেছে আঞ্চলিক সড়কে

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টে…