…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
স্বাস্থ্য

হেপাটাইটিস বি টিকার সুপারিশ বদলালে ঝুঁকিতে পড়তে পারে ১৮ লাখ তরুণ: গবেষণা

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে হেপাটাইটিস বি টিকা নিয়ে কেন্দ্রীয় সুপারিশে পরিবর্তন আনলে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়তে পারে এবং ১৮ লাখ পর্যন্ত তরুণ এই ভাইরাসের ঝুঁকিতে অরক্ষিত থেকে যেতে পারে—এমনটাই উঠে এসেছে নতুন এক গবেষণায়। সোমবার প্রকাশিত গবেষণাটি শৈশবের টিকাদান সুপারিশ বদলের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

হেপাটাইটিস বি একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা যকৃৎকে আক্রমণ করে। সিডিসির ভাষ্য অনুযায়ী, এটি স্বল্পমেয়াদি অসুস্থতা কিংবা আজীবন সংক্রমণ—দুটোর যেকোনোটি ঘটাতে পারে। অনেকের শরীরে কোনো লক্ষণ দেখা যায় না; আবার কারও কারও বমি বমি ভাব, পেটব্যথা কিংবা ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া—অর্থাৎ জন্ডিস—দেখা দিতে পারে। সংক্রমিত রক্ত ও শরীরের অন্যান্য তরলের সংস্পর্শে এই ভাইরাস ছড়ায়।

শিশুরা হেপাটাইটিস বি-তে বিশেষভাবে ঝুঁকিতে থাকে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের তথ্য অনুযায়ী, জন্মের সময় বা তার আশপাশে সংক্রমিত হওয়া প্রায় ৯০ শতাংশ শিশুর শরীরে সংক্রমণটি দীর্ঘস্থায়ী হয়ে যায়। আর দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি থেকে যকৃতের ক্ষতিসহ গুরুতর জটিলতা তৈরি হতে পারে।

স্ট্যানফোর্ডের শিশুরোগের ক্লিনিক্যাল সহযোগী অধ্যাপক ডা. অলোক প্যাটেল এবিসি নিউজকে বলেন, ‘হেপাটাইটিস বি টিকা জীবনঘাতী হতে পারে এমন দীর্ঘস্থায়ী যকৃতের রোগ প্রতিরোধ করতে পারে, যা থেকে যকৃতের ক্যানসারও হতে পারে। ১৯৯১ সালে জন্মের সময় টিকা দেওয়া শুরু করার পর থেকে শিশুদের সংক্রমণ ৯৯ শতাংশ কমেছে বলে জানা গেছে।’

২০২৫ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) নবজাতকদের জন্য সর্বজনীন হেপাটাইটিস বি টিকার সুপারিশ তুলে নেয়। ট্রাম্প প্রশাসনের অধীনে সিডিসির সেই সিদ্ধান্তসহ আরও কিছু টিকা-সংক্রান্ত পরিবর্তন পরবর্তী সময়ে আইনি পদক্ষেপের কারণে স্থগিত হয়ে আছে।

সুপারিশ বদলালে শিশুদের ওপর এর প্রভাব কেমন হতে পারে, তা বুঝতে মাস জেনারেল ব্রিঘামের গবেষকেরা একটি কম্পিউটার মডেল ব্যবহার করেন। মডেলটিতে ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ৩৬ লাখ শিশুর একটি কাল্পনিক দলকে জীবনের প্রথম ২০ বছর ধরে অনুসরণ করা হয়। গর্ভাবস্থায় হেপাটাইটিস বি পরীক্ষায় নেগেটিভ আসা মায়েদের শিশুদের ক্ষেত্রে তিনটি পদ্ধতির তুলনা করা হয়।

প্রথম পদ্ধতিটি ছিল দীর্ঘদিনের সুপারিশ—সব নবজাতক জন্মের পরপরই প্রথম ডোজ পাবে। দ্বিতীয়টিতে প্রথম ডোজ অন্তত দুই মাস বয়স পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। তৃতীয়টি ‘যৌথ ক্লিনিক্যাল সিদ্ধান্ত’ পদ্ধতি—যেখানে প্রতিটি শিশুকে জন্মের সময় নিয়মিত টিকা দেওয়ার বদলে বাবা-মা ও চিকিৎসক আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, টিকা দেওয়া হবে কি না এবং কখন।

অ্যানালস অব ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত গবেষণাটির হিসাব বলছে, টিকা দুই মাস পিছিয়ে দিলে ২০ বছরে দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি সংক্রমণ ১৯ শতাংশ বাড়তে পারে, আর যৌথ সিদ্ধান্ত পদ্ধতিতে তা বাড়তে পারে ৮৩ শতাংশ—জন্মের সময় সব নবজাতককে নিয়মিত টিকা দেওয়ার তুলনায়।

মডেলটি আরও বলছে, সর্বজনীন জন্ম-ডোজ পদ্ধতিতে ২০ বছর বয়সে পৌঁছানোর সময় প্রায় ২ লাখ ৩২ হাজার শিশু সংক্রমণের ঝুঁকিতে অরক্ষিত থাকতে পারে। টিকা পিছিয়ে দিলে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ লাখ ৭৪ হাজারে, আর যৌথ সিদ্ধান্ত পদ্ধতিতে ১৮ লাখে। গবেষকেরা স্পষ্ট করেছেন, এই সংখ্যাগুলো অসুস্থ হয়ে যাওয়া শিশুর সংখ্যা নয়—এগুলো সুরক্ষা ছাড়া ঝুঁকিতে থাকতে পারে এমন শিশুর হিসাব, এবং পুরো ফলাফলটাই কম্পিউটার সিমুলেশনের অনুমান, বাস্তব সংক্রমণের তথ্য নয়।

গবেষণাটির সংশ্লিষ্ট লেখক ও মাস জেনারেল ব্রিঘামের সেন্টার ফর গ্লোবাল হেলথের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. আমির মোহারেব সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘সবচেয়ে আশাবাদী পরিস্থিতিতেও নতুন সুপারিশ শৈশবে হেপাটাইটিস বি সংক্রমণ ৮০ শতাংশের বেশি বাড়িয়ে দিতে পারে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার সময় অর্ধেকের বেশি শিশুকে এই সংক্রমণের ঝুঁকিতে অরক্ষিত রাখতে পারে।’ তিনি নীতিনির্ধারকদের জন্মের সময় সর্বজনীন টিকার সুপারিশ পুনর্বহালের আহ্বান জানান।

গবেষণায় আরও বলা হয়েছে, যেসব মায়ের পরীক্ষায় ভাইরাস ধরা পড়েছে বা যাঁদের অবস্থা অজানা, তাঁদের উচ্চঝুঁকির শিশুরা যদি টিকা কম পায়, তাহলে সর্বজনীন সুপারিশ বহাল রাখার তুলনায় ২০ বছরে জন্মকালীন সংক্রমণ দ্বিগুণ বা তিনগুণ হয়ে যেতে পারে। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে সিডিসি সুপারিশ বদলালেও উচ্চঝুঁকির শিশুদের জন্মের ১২ ঘণ্টার মধ্যে টিকা দেওয়ার নির্দেশনা বহাল ছিল। পরে মার্চে ম্যাসাচুসেটসের এক কেন্দ্রীয় বিচারক সিডিসির টিকা উপদেষ্টা কমিটির সব ভোট স্থগিত করেন, যার মধ্যে জন্ম-ডোজের সর্বজনীন সুপারিশ তুলে নেওয়ার সিদ্ধান্তটিও ছিল; বর্তমানে সিডিসির ওয়েবসাইটে বলা হচ্ছে, সব শিশুরই হেপাটাইটিস বি টিকা নেওয়া উচিত।

মন্তব্য চাইলে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এবিসি নিউজকে সেক্রেটারি রবার্ট এফ. কেনেডি জুনিয়রের মঙ্গলবারের একটি এক্স পোস্টের দিকে ইঙ্গিত করে। সেখানে তিনি লিখেছেন, ‘বাবা-মায়ের পছন্দকে সম্মান করা মানে শিশুদের স্বাস্থ্য ছেড়ে দেওয়া—এই ধারণা আমি মানি না।’ অন্যদিকে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস এখনো জন্মের ২৪ ঘণ্টার মধ্যে প্রথম ডোজ দেওয়ার সুপারিশ বহাল রেখেছে। ডা. প্যাটেলের সতর্কবাণী, সুপারিশ ‘প্রতিটি শিশু’ থেকে ‘আসুন আলোচনা করি’ হয়ে গেলে অনেক পরিবার এটাকে ‘ঐচ্ছিক’ বলে ধরে নেয়—আর তাতেই কমে যেতে পারে টিকা নেওয়া শিশুর সংখ্যা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাদুর্ভাব শুরুর পর প্রাণহানি ১ হাজার ২০৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্য…

স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট প্রাণহানি দাঁড়াল ৩৬৪ জনে।…

স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। সর্বশেষ এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজা…

স্বাস্থ্য

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০টি পদ শূন্য, সেবা নিয়ে রোগীদের উদ্বেগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০টি পদ শূন্য থাকার খবর পাওয়া গেছে। উপজেলা পর্যায়ের একটি স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে এতগুলো পদ খালি থাকায় এলাকার সাধ…