ইউরোপীয় পার্লামেন্টে কট্টর ডানপন্থী দলের কার্যালয়ে প্রসিকিউটরের তল্লাশি, তহবিল অপব্যবহারের তদন্ত
ইউরোপীয় পার্লামেন্টে কট্টর ডানপন্থী প্যাট্রিয়টস দলের কর্মীদের কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন ইউরোপীয় পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের (ইপিপিও) পক্ষে কাজ করা কর্মকর্তারা। বুধবার সকালে ফ্রান্সের স্ট্রাসবুর্গে পার্লামেন্ট ভবনে এই তল্লাশি চালানো হয়।
তল্লাশিটি এমন এক তদন্তের অংশ, যেখানে এখন বিলুপ্ত ‘আইডেন্টিটি অ্যান্ড ডেমোক্রেসি’ (আইডি) দলের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের তহবিলের অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ২০২৫ সালে পার্লামেন্টের অর্থ বিভাগ জানিয়েছিল, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে আইডি দল অনিয়মিত অনুদান ও সরকারি দরপত্রের মাধ্যমে ৪৩ লাখ ইউরো অপব্যয় করেছে। ইউরোপীয় ইউনিয়নের বাজেট সংশ্লিষ্ট আর্থিক অপরাধ তদন্তকারী সংস্থা ইপিপিও পার্লামেন্টের এসব প্রতিবেদনের ভিত্তিতেই তদন্ত শুরু করে।
পার্লামেন্টে ফ্রান্সের ন্যাশনাল র্যালি দলের প্রধান জ্যঁ-পল গারো বলেন, ‘আজ সকালে থেকে স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে তল্লাশি চলছে—আমরা এখন সেখানেই আছি—যেখানে সাবেক আইডেন্টিটি অ্যান্ড ডেমোক্রেসি দলের কর্মীদের কার্যালয় লক্ষ্য করা হয়েছে।’
চলমান তদন্ত সম্পর্কে নাম প্রকাশ না করার শর্তে কথা বলা দুই কর্মকর্তার মতে, তল্লাশি চালানো হয়েছে দলটির সচিবালয়ের কার্যালয়গুলোতে।
আইডি দল ২০২৪ সালে বিলুপ্ত হওয়ার পর এর অনেক কর্মী প্যাট্রিয়টস দলে যোগ দেন; তাদের মধ্যে রয়েছেন ফ্রান্সের ন্যাশনাল র্যালি, অস্ট্রিয়ার ফ্রিডম পার্টি, হাঙ্গেরির ফিদেজ, স্পেনের ভক্স, বেলজিয়ামের ফ্লেমিশ ইন্টারেস্ট এবং চেকিয়ার এএনও ২০১১ দলের আইনপ্রণেতারা।
এক বিবৃতিতে প্যাট্রিয়টস দল জোর দিয়ে বলেছে, ‘আইডি দলের সঙ্গে এর কোনো আইনি ধারাবাহিকতা নেই’ এবং ‘চলমান তদন্তে এটি জড়িত নয়’।
তহবিল অপব্যবহারের অভিযোগগুলো রাজনৈতিক দলগুলোকে প্রশাসনিক ও পরিচালন ব্যয়ের জন্য পার্লামেন্টের বার্ষিক বরাদ্দ করা বাজেট নিয়ে। ইপিপিও খতিয়ে দেখছে, আইডি দল ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে আঞ্চলিক সংগঠনগুলোকে অনিয়মিত অনুদান দিয়েছিল কি না এবং দলটির ঘনিষ্ঠ কোম্পানিগুলোকে চুক্তি দেওয়ার ক্ষেত্রে দরপত্রের নিয়ম লঙ্ঘন করা হয়েছিল কি না।
এর আগে ২০২৫ সালে পার্লামেন্টের অর্থ বিভাগ প্যাট্রিয়টস দলকে ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে একই ধরনের অনিয়মিত দরপত্র প্রক্রিয়ায় অপব্যবহারের অভিযোগে ২ লাখ ৭৬ হাজার ৯৬৭ ইউরো ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল।
পার্লামেন্টের এক মুখপাত্র খুদে বার্তায় বলেন, ‘বরাবরের মতো, অনুরোধ পেলে পার্লামেন্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করে—আমাদের আর কোনো মন্তব্য নেই।’
তদন্তের এই অগ্রগতিতে ইউরোপীয় পার্লামেন্টের কট্টর ডানপন্থী শিবিরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। আইডি দলের উত্তরসূরি হিসেবে পরিচিত প্যাট্রিয়টস নিজেদের আলাদা সত্তা হিসেবে দাবি করলেও, কর্মী ও রাজনৈতিক ধারাবাহিকতার কারণে তদন্তের ছায়া তাদের ওপরও পড়ছে। ইপিপিওর তদন্ত শেষ হলে দায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়টি স্পষ্ট হবে।




