স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন: মাদ্রিদে সিলেটবাসীর মতবিনিময়, সভাপতি পদে কামরুজ্জামান সুন্দরের নাম ঘোষণা
আসন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর সিলেটবাসীর করণীয় এবং সংগঠনটির সভাপতি পদে প্রার্থী মনোনয়ন নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার আনারকলি রেস্টুরেন্টে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের আহ্বানে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশফাকুল হকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন হাফিজ আবু তাহের মিসবাহ। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী আব্দুল কুদ্দুস। সভায় প্রবাসী বাংলাদেশিদের বিপুল উপস্থিতি ছিল।
সভায় আসন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচনে বৃহত্তর সিলেটবাসীর ভূমিকা, ঐক্যবদ্ধ অবস্থান এবং সভাপতি পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর সিলেটবাসীর ঐক্য, পারস্পরিক সমঝোতা এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় উঠে আসে, বিগত বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচনের সময় কামরুজ্জামান সুন্দরকে আশ্বাস দেওয়া হয়েছিল, পরবর্তী নির্বাচনে বৃহত্তর সিলেটবাসী ঐক্যবদ্ধভাবে তাকে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে সমর্থন দেবেন। সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আসন্ন নির্বাচনে বৃহত্তর সিলেটবাসীর করণীয় এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি সভায় গুরুত্ব পায়।
সভাপতির বক্তব্যে সৈয়দ আশফাকুল হক বলেন, আমরা বৃহত্তর সিলেটবাসী ওয়াদা দিয়েছিলাম কামরুজ্জামান সুন্দরকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার বিষয়ে। আমি আমার ব্যক্তিগতভাবে আমার ওয়াদা রক্ষা করবো। আমি ঘোষণা দিলাম, বৃহত্তর সিলেটবাসীর সভাপতি প্রার্থী কামরুজ্জামান সুন্দর। এ কথা বলার পর উপস্থিত সবাই তাকে সমর্থন জানান।
সভায় বক্তব্য রাখেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুক, সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির, সাবেক আহ্বায়ক মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, আহমেদ আসাদুর রাহমান সাদ, সাবেক সহকারী নির্বাচন কমিশনার এইচ এম দবির তালুকদার, সাবেক সদস্য সচিব ও বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের সভাপতি বকুল খান, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রাহমান, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ রাজু, সাবেক সহ সভাপতি ইফতেখার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী, বেলাল আহমেদ, জালাল আহমেদ, সাইফুল মুন্সী ইকবাল, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক রুবেল রানা, মাহমুদ হোসেন, নজরুল ইসলাম, মাজহারুল ইসলাম জুয়েল, আল আমিন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নেতৃত্ব নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার বিষয়েও আলোচনা করেন। প্রবাসে বাংলাদেশিদের নানা সমস্যা — বৈধ কাগজপত্র, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা — এসব বিষয়ে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার দাবি জানান তারা।
উল্লেখ্য, স্পেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। মাদ্রিদ ও বার্সেলোনাসহ বিভিন্ন শহরে তাদের সক্রিয় কমিউনিটি সংগঠন রয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন প্রবাসীদের অন্যতম প্রধান সংগঠন হিসেবে কাজ করে আসছে।
সভাটি বৃহত্তর সিলেটবাসীর মধ্যে পারস্পরিক মতবিনিময় এবং আসন্ন নির্বাচন নিয়ে সমন্বিত অবস্থান তৈরির একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়ার এই সিদ্ধান্ত নির্বাচনে সিলেটবাসীর অবস্থান শক্তিশালী করবে বলে মনে করছেন আয়োজকরা।
নির্বাচনের তারিখ এখনো চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। তবে প্রার্থী মনোনয়ন ও প্রচারণার প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিগগিরই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।
সভা শেষে উপস্থিত সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয় এবং নির্বাচনী প্রচারণায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করা হয়।






