বৃহস্পতিবার সুন্দরবন, মোংলা বন্দর ও অর্থনৈতিক অঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট জেলা সফর করবেন। সফরকালে তিনি হেলিকপ্টার থেকে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন এবং মোংলা নৌঘাঁটিতে সভায় যোগ দেবেন।
এ ছাড়া মোংলা বন্দরের জেটি পরিদর্শন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক পত্রে এই সফরসূচি জানানো হয়।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সুন্দরবন, দাকোপ উপজেলা ও মোংলা বন্দর এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প ও রূপসা-পশুর অববাহিকায় সফরে যাচ্ছেন তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সকাল নয়টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
সকাল ১০টায় হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় পর্যবেক্ষণ শেষে তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন।
সেখান থেকে লঞ্চঘাটে গিয়ে সকাল ১০টা ৪৫ মিনিটে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর পৌনে একটায় বানৌজা মোংলার জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন।
দুপুর একটায় মধ্যাহ্নবিরতির কর্মসূচি রয়েছে। এ সময় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসক উপস্থিত থাকবেন। পরে দুপুর পৌনে দুটোয় ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, বেলা পৌনে তিনটায় মোংলা বন্দরের জেটি পরিদর্শনের উদ্দেশে রওনা হবেন তিনি, এবং বেলা তিনটায় জেটিতে পৌঁছে তা পরিদর্শন করবেন। এরপর বেলা সোয়া তিনটায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করে বেলা সাড়ে তিনটায় তা পরিদর্শন করবেন।
সফর শেষে বিকেল চারটায় হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল পাঁচটায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সমন্বয়মূলক পদক্ষেপ ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনার দাকোপের নলিয়ান এলাকা ঘুরে দেখেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইতিমধ্যে হেলিপ্যাড তৈরি করা হয়েছে।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিটু জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও যাতায়াত সমন্বয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। তবে স্থানীয় পর্যায়ে পৃথক কোনো রাজনৈতিক বা প্রশাসনিক কর্মসূচি থাকছে না।
খুলনা জেলা পুলিশ সুপার ড. ওমর ফারুক সরকার জানান, সফরকে কেন্দ্র করে দাকোপের নলিয়ানসহ সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ ও সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর আগমন ও সুন্দরবন পর্যবেক্ষণ এলাকাকে ঘিরে বন বিভাগের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে।



