…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
অর্থনীতি ও ব্যবসা

বাজারে সবজি প্রচুর, তবু দাম কমে না: ‘কম কিনে অভ্যস্ত হয়ে গেছি’

নিজস্ব প্রতিবেদক • পড়ার সময়: ৪ মিনিট

রাজধানীর মেরাদিয়া বাজারে সোমবার (১৯ অক্টোবর) সকালে দেখা গেছে এক অদ্ভুত চিত্র — বাজারে সবজির সরবরাহ প্রচুর, অথচ দামের ঘোড়া থামার নাম নেই। কোনো কোনো সবজির দাম গতকালের চেয়ে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি, আবার কোনোটার দাম কমেছে মাত্র ১০ টাকা। এই হিসাব মেলাতে গিয়ে ক্রেতাদের অনেকের মুখেই একই কথা — ‘আমরা এখন কম কিনে অভ্যস্ত হয়ে গেছি।’

মেরাদিয়া বাজার বনশ্রী, আফতাবনগরসহ আশপাশের এলাকার প্রধান বাজার। এখানে নিত্যপ্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায়। টাটকা সবজি আর তাজা মাছের জন্য এই বাজারের খ্যাতি রয়েছে।

বাজারের সবজি বিক্রেতা রুমান প্রতিদিন কাওরানবাজার থেকে তাজা সবজি এনে মেরাদিয়া বাজারে বিক্রি করেন। তাঁর মতে, কাঁচাবাজারের নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না, কারণ এই বাজার প্রতিদিন ওঠানামা করে। এমনকি সকালে টাটকা সবজির যে দাম থাকে, সময় যত গড়ায় দাম কমতেও থাকে।

রুমান বলেন, ‘বাজারে সবজি পর্যাপ্ত থাকলেও বর্তমানে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম উল্লেখযোগ্য হারে কমার কোনো সম্ভাবনা নেই। সামনে শীত আসছে। কিন্তু সবজির দাম যদি মনে করা হয় একেবারে সহনীয় থাকবে, তাহলে ভুল হবে। হয়তো ৫ থেকে ১০ টাকা ওঠানামা করতে পারে, কিন্তু দাম একেবারে কমার কোনো সম্ভাবনা নাই।’

রুমানের মতোই সবজি বিক্রি করেন আমির হোসেন। তিনিও মোটামুটি একই কথা বলেন। তাঁর ভাষ্য, একটা সময় ছিল পরিবহন ভাড়া কম, বাজারে পর্যাপ্ত সরবরাহ ছিল। হাটে-ঘাটে তেমন চাঁদাও দিতে হতো না। কিন্তু এখন একটা সবজির ট্রাক মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ কিংবা ভৈরবের দিক থেকে রওনা দিলে কয়েকটা জায়গায় চাঁদা দিতে হয়।

আমির হোসেন বলেন, ‘এছাড়া তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বেশি পড়ে যায়। তাহলে সবজির দাম কমবে কীভাবে? শুধু সবজি না, মাছ, মুরগি ও ডিমের দামও তো কমার কথা না। কমছেও না। সুতরাং আমরা এখন যে পরিস্থিতিতে আছি, এরকমভাবেই চলতে হবে। হয়তো কখনও দাম বেশি, আবার কখনও একটু কম। এভাবেই চলতে হবে।’

সোমবার সকালে বাজার ঘুরে দেখা গেছে, পটল সর্বনিম্ন ৮০ থেকে ১২০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ঝিঙা ২০ টাকা বেড়ে ১০০ টাকা, বেগুন ৮০ টাকা, গোল বেগুন লাল ১৪০ ও সাদা ১০০ টাকা, করলা ২০ টাকা বেড়ে ১২০ টাকা, কাকরোল ১০০ টাকা, ভেন্ডি ১০০ টাকা, টমেটো ২০ টাকা বেড়ে ১৮০ টাকা, সিম ২০ টাকা বেড়ে ১৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, বরবটি ১০০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি প্রতি পিস ৮০ টাকা, মুলা ৮০ টাকা কেজি।

মাছের বাজারের চিত্রও একই রকম। কেজি প্রতি রুই মাছের দাম বেড়েছে — ১ থেকে দেড় কেজি ওজনের রুই ৩৮০ টাকা, আর বড় সাইজের রুই ৪০০ থেকে ৪২০ টাকা প্রতি কেজি। অন্যান্য ছোট মাছের ক্ষেত্রেও কেজি প্রতি ২০ টাকা দাম বেড়েছে। মুরগির দামের অবশ্য কোনো পরিবর্তন নেই — ব্রয়লার ১৯০, সোনালি ৩৩০ এবং দেশি মুরগি ৬৩০ টাকা কেজি।

বাজার করতে আসা শফিকুল ইসলাম বলেন, ‘আমরা এখন কম কিনে অভ্যস্ত হয়ে গেছি। আগে যেখানে ১ কেজি কিনতাম, এখন হাফ কেজি কিনি। বাঁচতে তো হবে। এখন আসলে আয় ও ব্যয়ের সঙ্গে কোনো সঙ্গতি নেই। আমরা যারা চাকরিজীবী, স্যালারি মাঝারি মানের, তাদের কষ্ট সবচেয়ে বেশি। আমরা কোথাও কিছু বলতে পারি না, সহ্যও করতে পারি না।’

হাবিবুর রহমান নামের আরেক ক্রেতা জানালেন, এখন শীতকাল আসছে। শীতের সময় প্রচুর সবজি বাজারে আসে, দামও কমে যায়। কিন্তু এখন আর সেই সময় নেই। বাজারে প্রচুর সরবরাহ থাকলেও দাম কমে না। তিনি বলেন, ‘আমাদের দেশটাই এই রকম। যে জিনিসের দাম একবার বাড়ে, সেটি আর কমে না।’

সানাউল্লাহ নামের আরেক ক্রেতা বলেন, ‘শনিবার মাছ কিনেছেন ৪০০ টাকা কেজি দরে রুই মাছ। আজকে সেই মাছ ৪৫০ টাকা চায়। কী বলবেন, কিছু বলার নাই। এখন আসলে জীবন যেখানে-যেমন, ঠিক সেই রকমভাবেই চলা। দাম বেশি হলে কম কেনা ছাড়া তো আর উপায় নেই। আমাদের তো খেয়ে বাঁচতে হবে।’

সব মিলিয়ে সরবরাহ থাকা সত্ত্বেও দাম না কমার পেছনে পরিবহন খরচ বেড়ে যাওয়া ও পথে পথে চাঁদাকে দায়ী করছেন বিক্রেতারা। আর ক্রেতাদের হিসাব মিলছে কম কেনায় — থলি ভরানোর বদলে হাত খালি করে ফেরা এখন অনেক পরিবারের নিত্যদিনের গল্প। শীতের সবজি পুরোদমে বাজারে এলে দামে স্বস্তি আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা৪ মিনিটে পড়ুন

রপ্তানির জোরে চীনের অর্থনীতি বাড়ল ৪.৫ শতাংশ, ভেতরের দুর্বলতা কাটেনি

শক্তিশালী রপ্তানির ওপর ভর করে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের অর্থনীতি গত বছরের একই সময়ের তুলনায় ৪.৫ শতাংশ বেড়েছে। সোমবার ঘোষিত এই সরকারি হিসাব প…

অর্থনীতি ও ব্যবসা৪ মিনিটে পড়ুন

শেরেবাংলা নগরে সরে যাচ্ছে সচিবালয়, ২০২৯ সালের মধ্যে নতুন কমপ্লেক্সের লক্ষ্য

বাংলাদেশ সচিবালয় আবদুল গণি রোড থেকে সরিয়ে শেরেবাংলা নগরে নেওয়ার পরিকল্পনা অনুমোদন দিয়েছে সরকার। পুরোনো বাণিজ্য মেলার মাঠের জায়গায় গড়ে উঠবে নতুন…

অর্থনীতি ও ব্যবসা২ মিনিটে পড়ুন

সংসার চালাতে ঋণ করতে হয়েছে দেশের ৪৭ শতাংশ পরিবারকে

সংসারের খরচ চালাতে গিয়ে ঋণ করতে হয়েছে দেশের ৪৭ শতাংশ পরিবারকে। অর্থাৎ প্রায় প্রতি দুটি পরিবারের একটি পরিবারকেই দৈনন্দিন ব্যয় মেটাতে ধারদেনার আশ্রয…

অর্থনীতি ও ব্যবসা৪ মিনিটে পড়ুন

স্পিনিং শিল্প বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বিটিএমএ, বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখার দাবি

দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। শিল্পটির বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা ও কর্…