বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
সর্বশেষ হালনাগাদ:
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
অর্থনীতি ও ব্যবসা

ঢাকাই মসলিনের প্রযুক্তি বেসরকারি উদ্যোক্তাদের হাতে তুলে দিতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক • • পড়ার সময়: ৩ মিনিট

ঢাকাই মসলিনের বাণিজ্যিক উৎপাদন বাড়াতে পুনরুদ্ধার করা মসলিন তৈরির প্রযুক্তি দ্রুত বেসরকারি উদ্যোক্তাদের কাছে হস্তান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

একই সঙ্গে মসলিন তৈরির কাঁচামাল ফুটি কার্পাস তুলার জাত উন্নয়নে গবেষণার জন্য সর্বোচ্চ আর্থিক ও আনুষঙ্গিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত ঢাকাই মসলিন তৈরির কাঁচামাল ফুটি কার্পাস তুলার জাত উন্নয়ন-সংক্রান্ত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শরীফুল আলম বলেন, ফুটি কার্পাস তুলার জাত, জিনগত বৈশিষ্ট্য ও আঁশের গুণগত মান নিয়ে চলমান গবেষণায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। এসব গবেষণার ফল মসলিনের টেকসই উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

তার মতে, এখন গবেষণার অগ্রগতিকে কাজে লাগিয়ে মসলিন তৈরির প্রযুক্তি বেসরকারি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়া জরুরি। গবেষণাগারে সীমাবদ্ধ থাকলে এই ঐতিহ্যবাহী পণ্যের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো যাবে না।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষ তাঁতি, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা গেলে মসলিনের বাণিজ্যিক উৎপাদন সম্প্রসারণ করা সম্ভব। পণ্যটির স্বকীয়তা ও গুণগত মান বজায় রেখে উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানির সুযোগ তৈরি করা গেলে কর্মসংস্থান বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জন হবে।

গবেষণায় সরকারি সহায়তার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটি কার্পাস ও মসলিন গবেষণার অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গবেষণার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ আর্থিক ও আনুষঙ্গিক সহযোগিতা দেওয়া হবে।

মসলিনের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি দেশি-বিদেশি বাজারে এর প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে গবেষণার বিকল্প নেই। গবেষকেরা যাতে প্রয়োজনীয় সহায়তা পান এবং নির্বিঘ্নে কাজ করতে পারেন, সেজন্য সরকার ও মন্ত্রণালয় সহযোগিতা করবে।

তাঁতশিল্পের প্রাতিষ্ঠানিক উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে শরীফুল আলম বলেন, ১৯৭৭ সালে বাংলাদেশ তাঁত বোর্ড প্রতিষ্ঠার মাধ্যমে এ খাতের উন্নয়নের ভিত্তি স্থাপিত হয়।

প্রান্তিক তাঁতিদের আর্থিক সহায়তার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তাঁত ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ফুটি কার্পাসের গবেষণা, মসলিন তৈরির প্রযুক্তি হস্তান্তর, তাঁতিদের দক্ষতা উন্নয়ন এবং কার্যকর বিপণনব্যবস্থা গড়ে তুলতে সরকার, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। গবেষক ও সংশ্লিষ্ট অংশীজনদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন, মিসরের কটন রিসার্চ ইনস্টিটিউটের তুলা প্রজননবিষয়ক প্রধান গবেষক ড. আহমেদ মোহাম্মদ আবদেলমোঘনি আবদুলবাকি এবং দেশি-বিদেশি গবেষক, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা • ৪ মিনিটে পড়ুন

‘ছোট এআই’ বদলে দিতে পারে উন্নয়নশীল দেশের অর্থনীতি, মোবাইল ও স্থানীয় ভাষায় প্রযুক্তি তৈরির আহ্বান বিশ্বব্যাংকের

উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে মোবাইল ফোনে ব্যবহারযোগ্য, কম ইন্টারনেট সংযোগেও কার্যকর এবং স্থানীয় ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত…

অর্থনীতি ও ব্যবসা • ৪ মিনিটে পড়ুন

৬০ হাজার কোটি টাকার ১৫ তহবিলে ছাড় মাত্র ২৪ শতাংশ, পড়ে আছে তিন-চতুর্থাংশ অর্থ

কৃষি উৎপাদন বাড়ানো, কর্মসংস্থান তৈরি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়া আর গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গঠিত ৬০ হাজার কোটি …

অর্থনীতি ও ব্যবসা • ৫ মিনিটে পড়ুন

কৃষি, বাণিজ্য ও সংস্কারে বাংলাদেশকে প্রায় ৩৯০ কোটি টাকার নতুন অনুদান দিচ্ছে কানাডা

বাংলাদেশের কৃষি, বাণিজ্য, অর্থনৈতিক সংস্কার ও বেসরকারি খাতের উন্নয়নে চারটি নতুন উদ্যোগে ৪ কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার অনুদান ঘোষণা করেছে কানাডা। বাংল…

অর্থনীতি ও ব্যবসা • ৪ মিনিটে পড়ুন

উচ্চ রক্তচাপ এখন দেশের শীর্ষ রোগ, নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের দাবি কর্মশালায়

বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বাজেটের বরাদ্দ বাড়ানো এবং ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য ও গণমাধ্য…